রাউরকেলা: কাছে কনফার্ম টিকিট ছিল না। সেই অসহায়তারই সুযোগ নিল খোদ রক্ষক! কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা যাত্রীকে প্ল্যাটফর্মের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল খোদ এক রেলকর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রাউরকেলা রেল স্টেশনে। বিষয়টি জানাজানি হতেই অভিযোগকারিণী মহিলার বয়ানের ভিত্তিতে কপিলেশ্বর সিং (৫৪) নামে অভিযুক্ত ওই রেলকর্মীকে গ্রেফতার করেছে জিআরপি (GRP)। স্টেশনের মতো জনবহুল জায়গায় এমন মর্মান্তিক ঘটনায় যাত্রী-নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
কী ঘটেছিল রাউরকেলা স্টেশনে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশারই নূয়াপাড়া জেলার বাসিন্দা ওই মহিলা বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশে রাউরকেলা স্টেশনে এসেছিলেন। কিন্তু তাঁর কাছে ট্রেনের কোনও কনফার্ম টিকিট ছিল না। স্টেশনে অপেক্ষারত অবস্থাতেই রেলকর্মী কপিলেশ্বরের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, টিকিট নিয়ে মহিলার অসহায়তার সুযোগ নেয় ওই কর্মী। তাঁকে কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখানো হয়। এরপর টিকিট দেওয়ার নাম করেই ওই মহিলাকে ১ নম্বর প্ল্যাটফর্মের একটি ঘরে নিয়ে যায় কপিলেশ্বর। অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত ওই রেলকর্মী।
কী ভাবে গ্রেফতার অভিযুক্ত?
এই চরম পরিণতির শিকার হওয়ার পর ওই মহিলা জিআরপি-র দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্তে নামে রেল পুলিশ। অভিযুক্ত কর্মীর সম্পর্কে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করে জিআরপি। পরে কপিলেশ্বর সিং স্টেশনের ঘটনাস্থলে পৌঁছলে অভিযোগকারিণী মহিলা নিজেই তাঁকে শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।
এর পরই ওই মহিলাকে রাউরকেলা সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর শারীরিক বা মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ বা বিএনএস (BNS)-এর ৬৪(২)(বি) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে জিআরপি হেফাজতেই রয়েছেন অভিযুক্ত কপিলেশ্বর।
স্টেশন চত্বরে, খোদ প্ল্যাটফর্মের উপরের একটি ঘরে কী ভাবে এমন একটি ঘৃণ্য অপরাধ ঘটে গেল, তা নিয়ে স্তম্ভিত তদন্তকারীরাও। সর্ষের মধ্যেই ভূত! খোদ রেলকর্মীর বিরুদ্ধে এ হেন মারাত্মক অভিযোগ ওঠায় রাউরকেলা স্টেশনের সার্বিক যাত্রী-নিরাপত্তা পরিকাঠামো নিয়ে স্বাভাবিক ভাবেই প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জল্পনার অবসান, নভেম্বরে আসছে সোনিয়ার আত্মজীবনী ‘বিলঙ্গিং’
ঘুরে দাঁড়াল ইসরো! মহাকাশে ভারতের নতুন ‘চোখ’ নিয়ে সফল ভাবে পাড়ি দিল ‘নটি বয়’
