ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও বাড়ানো, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করতে যৌথ ভাবে টাস্ক ফোর্স গঠন করার উদ্যোগ নিল দুই দেশ। এমনিতেই শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। প্রকাশ্যে এসেছে মতবিরোধও। তবে তার প্রভাব যাতে বাণিজ্য সম্পর্কের ওপরে না পড়ে সেই চেষ্টাও নয়াদিল্লি ও ঢাকা চালিয়ে যাচ্ছে। তাই সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা চলছে।
ভারতের তরফে Confederation of Indian Industry (CII) ও বাংলাদেশের তরফে Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে একটি বৈঠকও হয়। বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, তা নিয়ে বিস্তারিত কথা হয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই বাণিজ্য, যোগাযোগ ও বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে যোগাযোগ রয়েছ।
অগাষ্ট মাসে যে বৈঠক হয়, তাতে দুই দেশের বণিক সভা ও শিল্পমহলের প্রতিনিধিরা যোগ দেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। যৌথ টাস্ক ফোর্স প্রতিবন্ধকতাকে এড়িয়ে কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। টাস্ক ফোর্স গঠনের উপরে জোর দিয়েছেন ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধেও। রবিবার বাংলাদেশি বণিকসভার প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ডেপুটি হাইকমিশনার। তাঁদের বৈঠকেও উঠে আসে যৌথ টাস্ক ফোর্সের বিষয়টি। বাংলাদেশি বণিকসভার প্রশাসক ফজলুলও এ বিষয়ে সহমত পোষণ করেছেন। দিল্লি এবং ঢাকার বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও মজবুত করতে সাহায্য করবে টাস্ক ফোর্স বলে জানিয়েছেন তিনি।
এদিন পবনকুমার তুলসীদাস বাধে আরও জানান বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার করে ভিসার আবেদন মঞ্জুর করা হচ্ছে ভারতীয় হাইকমিশন থেকে। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।
