নালন্দা: স্কুলের মিড-ডে মিলে চরম গাফিলতির অভিযোগ! খাবারে নুনের বদলে ভুল করে দেওয়া হলো ডিটারজেন্ট পাউডার। আর সেই খাবার খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়ল অন্তত ৪০ জন স্কুল পড়ুয়া। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার পারাসি মিডল স্কুলে (Parasi Middle School)। অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি বিহার শরিফ মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুরসরাই থানা এলাকার অন্তর্গত এই স্কুলে এমন ঘটনা জানাজানি হতেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই উদ্বিগ্ন অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন।
কীভাবে ঘটল এমন বিপত্তি?
স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, এদিন মিড-ডে মিলের খাবার অন্য একটি স্কুল থেকে সরবরাহ করা হয়েছিল। মেনুতে থাকা সয়াবিনের তরকারিতে নুন কম ছিল। ওই শিক্ষকের কথায়, “পড়ুয়ারা যখন তরকারিতে নুন কম হওয়ার কথা বলে একটু নুন চায়, তখন ভুলবশত নুনের বদলে তাদের ডিটারজেন্ট পাউডার দিয়ে দেওয়া হয়।”
সেই ভুল বুঝতে না পেরে পড়ুয়ারা খাবার খেয়ে নেয়। আর খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের বিহার শরিফ মডেল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
পড়ুয়াদের বর্তমান অবস্থা
নালন্দার সিভিল সার্জনড জয় প্রকাশ সিং-সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা তৎক্ষণাৎ শিশুদের চিকিৎসা শুরু করেন। ডঃ সিং অভিভাবকদের আশ্বস্ত করে জানিয়েছেন, “সমস্ত শিশু আপাতত বিপদমুক্ত এবং তাদের চিকিৎসা চলছে। মেডিক্যাল টিম পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।” যদিও হাসপাতাল চত্বরে উদ্বিগ্ন পরিজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর
ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার সমস্ত বন্দোবস্ত খতিয়ে দেখেন। মন্ত্রী বলেন, “আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যাতে প্রতিটি শিশু সঠিক চিকিৎসা পায়। এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্কুল পড়ুয়াদের খাবার তৈরির ক্ষেত্রে এমন গাফিলতি কীভাবে হলো, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রান্নার উপকরণের কাছে কীভাবে ডিটারজেন্ট পাউডার রাখা ছিল এবং কেন তা পরিবেশন করা হলো, তা খতিয়ে দেখছে প্রশাসন। মিড-ডে মিল প্রস্তুত ও সরবরাহের পুরো প্রক্রিয়াটির তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
তেজস থেকে সুখোই: যন্ত্রাংশ দেশীয়করণে কেন এত জোর ভারতের?
ভারতের চাহিদা পূরণ হলে তবেই বাংলাদেশকে জ্বালানী সাহায্য দেওয়া হবে! বিবৃতি বিদেশ মন্ত্রকের
