ষষ্ঠীর আগেই বড় উপহার! ১৫ অক্টোবরই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে বেতন-পেনশন

কলকাতা: দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির কথা ঘোষণা করল নবান্ন। চলতি বছর ১৬ অক্টোবর মহা ষষ্ঠী। আর উৎসবের…

কলকাতা: দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির কথা ঘোষণা করল নবান্ন। চলতি বছর ১৬ অক্টোবর মহা ষষ্ঠী। আর উৎসবের সেই কদিন হাত খালি রাখতে নারাজ রাজ্য সরকার। অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর মাসের বেতন, মজুরি ও পেনশন পুজোর আগেই, আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে।

Advertisements

নবান্নের এই পদক্ষেপে শুধু কর্মরত কর্মচারীরাই নন, হাসি ফুটছে অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও ফ্যামিলি পেনশন প্রাপকদের মুখেও। উৎসবের মরশুমে কেনাকাটা এবং ঘোরার খরচ মেটাতে এই আগাম বেতন প্রদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

   

অর্থদপ্তরের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাঁদের তালিকায় রয়েছে নিয়মিত সরকারি কর্মীরা, গ্র্যান্ট-ইন-এইড (Grant-in-Aid)-এর আওতায় থাকা বেতনভুক কর্মচারীরা, বিভিন্ন ক্ষেত্রের মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিক প্রাপকরা এবং সমস্ত পেনশন ও পারিবারিক পেনশনভোগীরা। নির্ধারিত এই সময়ের মধ্যে যাতে নির্বিঘ্নে সমস্ত পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ডিডিও (DDO) এবং ডিপোজিট অ্যাকাউন্ট প্রশাসকদের নির্দিষ্ট সময়ের আগে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

বেতনের পাশাপাশি এই নির্দেশিকায় মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও বিশেষ ইঙ্গিত মিলেছে। পূর্বঘোষণা অনুযায়ী, অক্টোবরের এই বেতনের সঙ্গেই বকেয়া ডিএ-র ২০ শতাংশ অংশও কর্মীদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, ষষ্ঠীর আগেই বেতন, পেনশন এবং বকেয়া ডিএ-র কোলাজে রাজ্য সরকারি কর্মচারীদের পুজো যে এবার বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই বাহুল্য। সরকারি এই পদক্ষেপে সব মহলেই খুশির হাওয়া।

Advertisements

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements