টানা তিনদিন ব্যাংক ধর্মঘট! ভোগান্তি এড়াতে রবিবারেও খোলা রাখার নির্দেশ কেন্দ্রের

কলকাতা: দেশজুড়ে আসন্ন তিনদিনের ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে…

কলকাতা: দেশজুড়ে আসন্ন তিনদিনের ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU)। এই টানা তিনদিনের ছুটির আগে গ্রাহকদের যাতে কোনো রকম আর্থিক সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে আগামী রবিবার, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক (PSB) এবং গ্রামীণ ব্যাংকগুলি (RRB) স্বাভাবিক নিয়মেই খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisements

আরবিআই-এর অনুমোদন ও সরকারি নির্দেশ

রবিবার ছুটির দিনে ব্যাংক খোলার রাখার বিষয়ে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-র অনুমোদন মিলেছে। সরকারের তরফে জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর সমস্ত ব্যাংকের শাখা, অফিস, এটিএম সংলগ্ন শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ সচল থাকবে। এর ফলে উইকেন্ড ও ধর্মঘটের জেরে টানা দীর্ঘ পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কাটবে বলে মনে করা হচ্ছে।

   

ধর্মঘট কেন? কী চাইছে ইউনিয়নগুলি?

গত মঙ্গলবার উপ-প্রধান শ্রম কমিশনারের সামনে হওয়া সমঝোতা বৈঠক কোনো ইতিবাচক ফল না দেওয়ায় পূর্বঘোষিত তিনদিনের ধর্মঘটে অনড় থাকার কথাই জানিয়েছে ইউএফইউ (UFBU)। দেশের প্রায় ৯০ শতাংশ ব্যাংকিং কর্মীর প্রতিনিধিত্বকারী এই সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে:

  • সপ্তাহে ৫ দিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা।
  • পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতি।
  • সমস্ত পেনশনভোগীদের জন্য একীভূত মহার্ঘ ভাতা (DA) ফর্মুলা।
  • ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর আওতাধীন কর্মীদের পুরোনো পেনশন স্কিম (OPS)-এ ফিরে যাওয়ার সুযোগ দেওয়া।

অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA)-র তরফ থেকে ধর্মঘট প্রত্যাহার করার আর্জি জানানো হলেও, পাঁচ দিন ব্যাংকিংয়ের দাবিতে কোনো সুনির্দিষ্ট ও ইতিবাচক পদক্ষেপ না করলে তাঁরা ধর্মঘটে অনড় থাকবেন বলেই স্পষ্ট করে দিয়েছেন ইউনিয়ন নেতারা। এর আগে গত ১১ সেপ্টেম্বরও নিজেদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে দেশব্যাপী একদিনের ব্যাংক ধর্মঘট পালন করেছিল এই সংগঠনগুলি। এখন দেখার, রবিবারের খোলা ব্যাংকের সুবিধা নিয়ে গ্রাহকরা কতটা স্বস্তি পান এবং শেষ পর্যন্ত এই ধর্মঘট এড়ানো সম্ভব হয় কি না।

Advertisements

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements