কলকাতা: রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোনও ধরনের আকস্মিক বিপর্যয় দ্রুত মোকাবিলায় এবার নিজস্ব বিশেষ বাহিনী গঠন করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত সৈনিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়ে তৈরি এই নয়া বাহিনীর নাম দেওয়া হয়েছে ‘অর্জুন’। মঙ্গলবার কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানে এই বিশেষ বাহিনী গড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বেআইনি নির্মাণ ও গাফিলতি নিয়ে তোপ
এদিন নতুন বাহিনী ঘোষণার পাশাপাশি রাজ্যে আগের বিপর্যয়গুলি নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। আমফান থেকে শুরু করে সম্প্রতি তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি বা উপযুক্ত প্রশিক্ষণ কোনওটাই নেই। আগে এই দিকটিতে একেবারেই নজর দেওয়া হয়নি। কলকাতায় বেআইনি নির্মাণের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, ঠিকমতো পরীক্ষা না করেই বহু নির্মাণ করা হয়েছে। এই গাফিলতির জেরেই মাঝেরহাট ও পোস্তার মতো উড়ালপুল ভেঙে পড়ার ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হতে হয়েছে রাজ্যকে।
অর্জুন বাহিনীর বিন্যাস ও পরিকাঠামো
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে এই বাহিনীতে ২০০ জন সদস্য থাকবেন। এর মধ্যে ১০০ জন কলকাতায়, ৫০ জন পাহাড়ে এবং ৫০ জন সুন্দরবন এলাকায় মোতায়েন থাকবেন। আগামী দিনে রাজ্যের প্রতিটি পর্যটনকেন্দ্রে এই বাহিনীর একটি করে ইউনিট রাখার ব্যবস্থা হবে। পাশাপাশি দার্জিলিং, কাকদ্বীপ, দিঘা এবং কলকাতায় নিজস্ব পরিকাঠামো গড়ে তোলা হবে।
কারা থাকবেন এই বাহিনীতে?
আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সদস্যদের নিয়ে অর্জুন বাহিনী গঠন করা হচ্ছে। সিভিল ডিফেন্সের ট্রেনিং যাঁরা নিয়েছেন, তাঁদেরও এই কাজে লাগানো হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী জানুয়ারিতে ‘অগ্নিবীর’-এর প্রথম ব্যাচ এলে, তাঁদেরও এই বাহিনীতে নিয়োগের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর ও অবসরপ্রাপ্ত সেনারাই অগ্রাধিকার পাবেন।
বেতন ও বিমার সুবিধা
এই বাহিনীতে দু’টি পদ থাকছে, ‘বীর’ (টিমের সদস্য) এবং ‘বীরনায়ক’ (যাঁর অধীনে টিম থাকবে)। বীর পদের সদস্যরা মাসিক ২৫ হাজার টাকা এবং বীরনায়ক পদের সদস্যরা মাসিক ৪০ হাজার টাকা সাম্মানিক পাবেন। প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্টের পাশাপাশি থাকছে গ্রুপ বিমার সুবিধাও। ডিউটি চলাকালীন গুরুতর দুর্ঘটনা বা মৃত্যু হলে (সিভিয়ার ক্যাজ়ুয়ালটি) ১০ লক্ষ টাকা এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ দেবে রাজ্য সরকার।
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবামৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
