পিংলা: তৃণমূল জামানায় পদ পাইয়ে দেওয়ার নামে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক তথা শাসক দলের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি অজিত মাইতি। শুক্রবার ভোরে পিংলা বিধানসভার মাদপুরের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় এবং সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে। বর্তমানে তাকে ডেবরা থানায় রাখা হয়েছে।
কী অভিযোগ?
সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি গোবিন্দ দাসের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, তৃণমূলের আমলে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল। যদিও এই বিষয়ে অভিযোগকারী গোবিন্দ দাস সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ এবং দলের অনুমতি নেই বলেই মন্তব্য করেছেন।
কী বলছেন অজিত মাইতি?
গ্রেপ্তার হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজিত মাইতি পুরো অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর স্পষ্ট দাবি, “এর নেপথ্যে সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে। আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তবে দেশের পুলিশ প্রশাসনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
