খড়দহ: বিক্ষোভের মুখে পড়ে ডিম, ইট, পাটকেল ধেয়ে আসতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল পুলিশের। সেই মতো থানা থেকে বার করার সময়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাথায় হেলমেটও পরানো হয়েছিল তাঁকে। কিন্তু তার পরেও প্রবল জনরোষের হাত থেকে রেহাই পেলেন না আরজি কর সৎকার-কাণ্ডে ধৃত সোমনাথ দে। শুক্রবার দুপুরে খড়দহ থানা থেকে পানিহাটির প্রাক্তন পুরপ্রধানকে বের করার সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটে জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরেই বেঙ্গালুরু থেকে সোমনাথকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রবল বৃষ্টির মধ্যেই তাঁকে নিয়ে যাওয়া হয় খড়দহ থানায়। প্রাক্তন পুরপ্রধানকে থানায় আনার খবর চাউর হতেই সকাল থেকে বাইরে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা। দুপুরে ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করার জন্য থানা থেকে বের করা মাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় তুমুল বিক্ষোভ।
অভিযোগ, পুলিশি নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই সোমনাথকে লক্ষ্য করে ডিমের পাশাপাশি ইট-পাটকেল ছুড়তে শুরু করেন উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি ধৃতকে চারদিক থেকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁর মাথায় হেলমেট পরিয়ে তৈরি করা হয় নিরাপত্তা বলয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে কয়েক জন পুলিশকর্মীও সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শেষ পর্যন্ত তুমুল বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেই কোনও রকমে সোমনাথকে প্রিজ়ন ভ্যানে তুলে কড়া নিরাপত্তায় ব্যারাকপুর আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। তদন্তকারী সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের পাশাপাশি গোটা ঘটনায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে কী নির্দেশ দেয়, আপাতত সে দিকেই নজর রয়েছে সব পক্ষের।
নিরাপত্তা বাড়াতে বাসের কন্ডাক্টরদের বডি ক্যাম-হেল্পলাইন নম্বর প্রকাশ পরিবহন দফতরের
আগামী ১ বছরে বাংলায় তৈরী হবে ১০০০ RSS পরিচালিত স্কুল
