প্রোমোটারের থেকে ‘তোলাবাজি’? সাসপেন্ড বিজেপি নেত্রী

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আলো-আঁধারিতে শ্যুট করা একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ওই ভিডিয়োটিতে এক প্রোমোটারের হাত থেকে এক বিজেপি নেত্রীকে…

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় আলো-আঁধারিতে শ্যুট করা একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ওই ভিডিয়োটিতে এক প্রোমোটারের হাত থেকে এক বিজেপি নেত্রীকে বান্ডিল বান্ডিল টাকা নিতে দেখা গিয়েছে। এই ঘটনার জেরে ‘তোলাবাজি’-র অভিযোগে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ড্যামেজ কন্ট্রোলে নেমে তড়িঘড়ি অভিযুক্ত ওই নেত্রীকে দল থেকে সাসপেন্ড করল রাজ্য বিজেপি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তও শুরু করেছে দল।

Advertisements

জানা গিয়েছে, ওই বিতর্কিত ভিডিয়োটিতে যে মহিলাকে টাকা নিতে দেখা গিয়েছে, তিনি বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদক মৌসুমি দাস। আর যিনি তাঁকে টাকা দিচ্ছেন, তিনি মুকুন্দপুর এলাকার এক স্থানীয় প্রোমোটার। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় স্পষ্ট শোনা যাচ্ছে, টাকা দেওয়ার সময় ওই ব্যক্তি বলছেন, ‘এটা আপনার টাকা। পুরোটা আপনার। কত হল… আশি?’ এই কথোপকথন প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। বিরোধীদের প্রশ্ন, তবে কি এটি তোলাবাজিরই টাকা? যে দল দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে রাজ্যজুড়ে বরাবর সরব থেকেছে, সেই বিজেপির অন্দরেও কি তবে তোলাবাজির সংস্কৃতি ঢুকে পড়ল? বাংলায় কি ‘তোলাবাজি’-র সেই পুরনো ট্র্যাডিশনই আজও সমানে চলছে?

   

দলীয় সূত্রে খবর, মুকুন্দপুরের ওই প্রোমোটারের সঙ্গে বিজেপি নেত্রীর এই আর্থিক লেনদেনের ভিডিয়ো এবং আনুষঙ্গিক অভিযোগ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছয়। বিষয়টি দলের শীর্ষ স্তরের নজরে আসার পরেই কোনও রকম কালক্ষেপ না করে কড়া পদক্ষেপ করা হয়েছে। রাজ্য বিজেপির তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দল কোনও রকম দুর্নীতি বা তোলাবাজির মতো অনৈতিক কাজ বরদাস্ত করবে না। তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে মৌসুমি দাসকে যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সম্পাদকের পদ থেকে এবং দল থেকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।

এর পাশাপাশি, ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে দলের অন্দরে তদন্ত শুরু হয়েছে। ওই টাকা ঠিক কী কারণে নেওয়া হচ্ছিল, এর নেপথ্যে অন্য কোনও প্রভাবশালী নেতার হাত বা মদত রয়েছে কি না, তা বিশদে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলও বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ময়দানে নেমেছে। সব মিলিয়ে, এক প্রোমোটার ও বিজেপি নেত্রীর এই আর্থিক লেনদেনের ভিডিয়োকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আপাতত রীতিমতো সরগরম।

Advertisements

এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু! শৌচালয়ের দরজা ভেঙে উদ্ধার দেহ

প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বেড়ে ১০ হাজার! ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Advertisements