কলকাতা: বিদায়বেলায় ফের স্বমূর্তিতে ফিরতে চলেছে বর্ষা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি সক্রিয় ওয়েদার সিস্টেমের জেরে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে নতুন করে বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আগামী কয়েকদিন কলকাতা-সহ গোটা রাজ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ ‘কনভারজেন্স জোন’ (Convergence Zone) তৈরি হয়েছে, যা এই নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হওয়ায় আগামী ৭ থেকে ১০ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
রবিবার: অতিভারী বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। এছাড়া দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় রয়েছে হলুদ সতর্কতা।
সোমবার: ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়াতে জারি হলুদ সতর্কতা। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া।
মঙ্গলবার ও বুধবার: পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি ও সতর্কতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের জেরে সমুদ্র প্রবল উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে ঝুঁকি এড়াতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
যাদবপুরে মুখ্যমন্ত্রীর আল্টিমেটাম, পাল্টা চ্যালেঞ্জ এসএফআইয়ের
প্রেসিডেন্সিতে আফতাবের সেলে মোবাইল, রাউটার, নগদ! জেলে বসেই পাক যোগ?
