কলকাতা: সামনেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোর ক’দিন মদের দোকান খোলা বা বন্ধ থাকা নিয়ে জল্পনার মাঝেই সুরাপ্রেমীদের জন্য এল আরও এক মনখারাপ করা খবর। উৎসবের এই মরশুমেই রাজ্যে বাড়তে চলেছে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি বিদেশি মদের (IMFL) দাম।
সূত্রের খবর, ইতিমধ্যেই তিন ধরনের মদের ক্ষেত্রে নতুন মূল্যের কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (BeVCO)। সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১ অক্টোবর থেকেই সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হতে চলেছে। যদিও সরাসরি মদের দাম বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি, তবে নতুন মূল্য তালিকার ইঙ্গিত থেকেই পরিষ্কার যে পকেটের টান পড়তে চলেছে সুরাপ্রেমীদের।
তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দোকানে মজুত থাকা পুরোনো দামের মদ বর্তমান বোতল-লেবেল নথিভুক্তির বৈধতা থাকা পর্যন্ত বিক্রি করা যাবে। পাশাপাশি, উৎসবের মরশুমে বাজারে যাতে মদের সরবরাহে কোনো ঘাটতি না হয়, তার জন্য প্রস্তুতকারকদের নিয়মিত সাপ্লাই বজায় রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানানো হয়নি যে কোন কোন ব্র্যান্ডে বা বোতলপিছু ঠিক কত টাকা কিংবা কত শতাংশ দাম বাড়তে চলেছে। নতুন মূল্য তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলেই প্রকৃত দাম বৃদ্ধির চিত্রটা স্পষ্ট হবে। সব মিলিয়ে, পুজোর বাজারে অতিরিক্ত খরচ বাড়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ সুরাপ্রেমীদের কপালে।
