নয়াদিল্লি: গত ৭ মে, ২০২৫-এ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভাল। ডিসকভারি চ্যানেলের আসন্ন ডকু-সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ তিনি এই অভিযান নিয়ে ভারতের রণকৌশল, উদ্দেশ্য এবং পাকিস্তানকে দেওয়া কড়া বার্তার কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিন রাত ৯টায় ডিসকভারি (Discovery) এবং ডিসকভারি প্লাস (Discovery Plus)-এ এই তথ্যচিত্রটি সম্প্রচারিত হবে।
পাকিস্তানকে দোভালের কড়া বার্তা
তথ্যচিত্রে পাকিস্তানকে দেওয়া ভারতের কড়া বার্তার কথা উল্লেখ করে দোভাল বলেন, “আমরা পাকিস্তানের সেনাকে বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে, সন্ত্রাসবাদে তাদের মদত দেওয়া বা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না করতে পারার বিষয়টি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।”
দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত যে কোনও পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত, তা স্পষ্ট করে দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “একবার কোনও কিছু শুরু হলে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। এর জন্য আমরা যে কোনও দূর পর্যন্ত যেতে প্রস্তুত, এর কোনও সীমা নেই।” চিরকালীন শান্তিপ্রিয় দেশ হিসেবে ভারতের পরিচিতি থাকলেও, তাকে যেন হাল্কাভাবে না নেওয়া হয়, সে বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন দোভাল। তাঁর কথায়, “বিষয়টা খুব স্পষ্ট, ভারতের উদারতা বা সহনশীলতাকে যেন ভুলবশত দুর্বলতা হিসেবে ধরে নেওয়া না হয়।”
কেন হয়েছিল ‘অপারেশন সিঁদুর’?
গত ২২ এপ্রিল, ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগামের বাইসরন ভ্যালিতে এক ভয়াবহ জঙ্গি হামলা চালায় জইশ (JeM) ও লস্কর-ই-তৈবার (LeT) সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’। ওই হামলায় ২৫ জন ভারতীয় এবং এক নেপালি নাগরিক-সহ মোট ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। এই ঘটনার জবাব দিতেই ৮৮ ঘণ্টার ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারত।
ডকু-সিরিজে কী কী জানা যাবে?
ডিসকভারির এই তথ্যচিত্রে ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা আধিকারিকদের সরাসরি বয়ান তুলে ধরা হয়েছে। কীভাবে এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এর পেছনের চিন্তাভাবনা কী ছিল এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, তার বিস্তারিত বিবরণ মিলবে এই তথ্যচিত্রে। পাশাপাশি, পাক-অধিকৃত কাশ্মীরে (PoK) থাকা জঙ্গি ঘাঁটিগুলির বিরুদ্ধে ভারত কেন আরও বেশি দূর এগোয়নি, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরও এই ডকু-সিরিজে মিলবে বলে আশা করা হচ্ছে।
ফের রাজধানীতে হিন্দু হত্যা! সাধারণ বচসা থেকে ছুরি-গুলি, কাঠগড়ায় অমন মোল্লা
২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের ইলেক্ট্রনিক্স রফতানি ১১ গুন বেড়ে ৪.২৪ লক্ষ কোটি
