নয়াদিল্লি: ইথানল মিশ্রিত E20 Petrol নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের পাল্টা জবাব দিল বিজেপি। রাহুল গান্ধীর প্রকাশ করা একটি ভিডিয়োতে দেখানো গাড়ির জ্বালানি ট্যাঙ্কে স্পষ্টভাবে ‘E20 Compatible’ লেখা ছিল বলে দাবি করে বিজেপি। তাদের বক্তব্য, অভিযোগ করার আগে ভিডিয়োয় দেখানো গাড়ির তথ্য যাচাই করা উচিত ছিল।
এক দিন আগে নিজের অফিসিয়াল X অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে রাহুল গান্ধী অভিযোগ করেন, ইথানল-মিশ্রিত পেট্রোলের কারণে গাড়ির মালিকদের উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। ভিডিয়োয় তিনি বলেন, বিষয়টি কোনও বিচ্ছিন্ন সমস্যা নয় এবং এই ইস্যুতে কংগ্রেস বড় আকারে আন্দোলনে নামবে।
রাহুলের ওই ভিডিয়োর জবাবে বিজেপি মুখপাত্র আরপি সিং বলেন, অভিযোগ করার আগে তথ্য যাচাই করা প্রয়োজন। তাঁর দাবি, ভিডিয়োয় যে গাড়ির পেট্রোল ট্যাঙ্ক দেখানো হয়েছে, সেখানেই ‘E20 Compatible’ লেখা ছিল।
বিজেপি নেতা গৌরব বল্লভও একই বিষয় তুলে ধরে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেন। তাঁর দাবি, গাড়ির ট্যাঙ্কে লেখা তথ্যটি রাহুলের নজরে পড়েনি।
বিজেপির বক্তব্য, ইথানল মিশ্রিত জ্বালানি দেশের বিদেশি মুদ্রার সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরপি সিংয়ের দাবি, কৃষকদের একটি অংশও E20 নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন।
তবে বিরোধী শিবির বিজেপির এই যুক্তি মানতে নারাজ। সমাজবাদী পার্টির সাংসদ পুষ্পেন্দ্র সরোজ দাবি করেন, E20 চালুর পর সাধারণ গাড়ির মালিকদের একাংশ সমস্যার কথা জানাচ্ছেন। তাঁর বক্তব্য, ইথানল মিশ্রণের নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।
কংগ্রেস নেতা টিএস সিং দেও বলেন, পুরনো গাড়িগুলির ক্ষেত্রে E20 জ্বালানি ব্যবহারে সামঞ্জস্যের সমস্যা হতে পারে। তাঁর মতে, E10 এবং E20-এর পাশাপাশি ইথানল-মুক্ত পেট্রোলের মতো বিকল্পও থাকা উচিত, যাতে পুরনো গাড়ির মালিকরা সমস্যায় না পড়েন।
সিপিআই(এম) নেতা হান্নান মোল্লাও E20 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, বেশি মাত্রায় ইথানল মেশানোর ফলে গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা এবং মাইলেজে প্রভাব পড়তে পারে। একইসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দিয়ে তা নিয়ে আলোচনা করা প্রয়োজন।
ফলে E20 পেট্রোল নিয়ে রাজনৈতিক চাপানউতোর ফের তীব্র হয়েছে। বিজেপি কেন্দ্রের ইথানল মিশ্রণ নীতির পক্ষে সওয়াল করলেও বিরোধীরা বিশেষ করে পুরনো গাড়ির ক্ষেত্রে জ্বালানির সামঞ্জস্য, মাইলেজ এবং সম্ভাব্য ক্ষতির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের
