আজ থেকেই কি বাংলায় তাণ্ডব শুরু করবে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab)? বাংলার উপকূল থেকে আর ঠিক কতটা দূরে রয়েছে নিম্নচাপ, আপডেট দিচ্ছে মৌসম বিভাগ। জানা যাচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই বেশ ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আগামী ১২-১৫ ঘন্টার মধ্যে নাকি এটি আরও শক্তি বাড়িয়ে আছড়ে পড়বে উপকূলে।
ফলে প্রবল দুর্যোগ ঘনাতে চলেছে রাজ্যে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ৭০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অর্ণবের গতিবিধি নিয়ে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর।
এদিকে, এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বিশেষত উপকূলীয় জেলাগুলিতে অর্থাৎ, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। তার বেগ আরও বাড়বে বলেই আশঙ্কা। হাওয়া অফিস বলছে ২২শে সেপ্টেম্বর অর্থাৎ আজ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল অর্থাৎ বুধবার ভোরে এটি স্থলভাগে আছড়ে পড়তে পারে। আবহাওয়াবিদদের ধারণা, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি উপকূলে এর ল্যাণ্ডফল হবে।
উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর বলছে একদিকে, উত্তর আন্দামান সাগরের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে রয়েছে এটি। এর প্রভাবে নিম্নচাপের আশঙ্কা বাড়ছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। এই কয়েকদিন রোদের দেখা তো মিলবেই না, উল্টে বেশ বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।
