কলকাতা: মাসের শেষের দিকে ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড়সড় ধাক্কা। ব্যাঙ্ক ইউনিয়নগুলির ডাকা টানা তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের জেরে আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের শনি-রবিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায়, মোট পাঁচ দিন সাধারণ ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত থাকতে পারেন গ্রাহকরা। পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই গ্রাহকদের জরুরি কাজ আগে সেরে ফেলার পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
ধর্মঘটের কারণ ও দাবিদাওয়া
ব্যাঙ্ক ইউনিয়নগুলির মূল দাবিগুলির মধ্যে রয়েছে-
গত ২০২৪ সালের ৮ মার্চ একটি যৌথ চুক্তির মাধ্যমে পাঁচ দিনের ব্যাংকিং সপ্তাহের প্রস্তাব গৃহীত হলেও তা এখনও কার্যকর করা হয়নি বলে অভিযোগ। পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) স্কিমের বিরোধিতা, অতিরিক্ত কাজের চাপ, কর্মী সংকট এবং বকেয়া বেশ কিছু দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অনড় ইউনিয়নগুলি।
আলোচনায় সমাধান না মিললে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের হুঙ্কার দিয়ে রেখেছে ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস’ (UFBU)।
পরিষেবা সচল রাখতে বিকল্প মাধ্যম ও এসবিআই-এর পরামর্শ
ধর্মঘটের সময় শাখাগুলির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও গ্রাহকদের অসুবিধা কমাতে বিকল্প ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহারের পরামর্শ দিয়েছে এসবিআই-
ইন্টারনেট ব্যাংকিং, YONO অ্যাপ, UPI এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম খোলা থাকবে। এটিএম (ATM) এবং ক্যাশ ডিপোজিট মেশিন (ADWM)-এর পরিষেবাও স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তবে ফিজিক্যাল ডকুমেন্ট, চেক সংক্রান্ত কাজ বা নির্দিষ্ট কিছু স্টাফ-অ্যাসিস্টেড কাজের জন্য শাখায় যেতে হতে পারে, যা এই পাঁচ দিন বন্ধ থাকতে পারে। সরকারি ব্যাংকগুলিতে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা থাকলেও বেসরকারি ব্যাংকগুলির পরিষেবা অনেকাংশেই স্বাভাবিক থাকতে পারে।
তেহরিক ই তালিবানের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই! স্বীকারোক্তি TTP নেতার
মোদী সফরে ফের সাফল্য! আনুষ্ঠানিকভাবে সাক্ষর হল ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি
