পুরী: মহাপ্রভু জগন্নাথদেবের প্রিয় প্রসাদ খাজা নিয়ে পুরীতে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। সমুদ্র সৈকত এবং পুরীর অন্যতম প্রধান আকর্ষণ এই খাজা নিয়ে বেনিয়মের অভিযোগ পেয়ে আসরে নামে প্রশাসন। ভক্তদের কাছে চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রির অভিযোগ দীর্ঘদিনের ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ যৌথভাবে পুরী শহরের বিভিন্ন খাজা গুদাম ও কারখানায় অভিযান চালায়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি ও পুলিশের অভিযান
সিটি ডিএসপির নেতৃত্বে শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার ও তার আশপাশের এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, খাজা তৈরিতে অত্যন্ত খারাপ মানের তেল এবং বহু পুরনো ও পচা চিনির রস ব্যবহার করা হচ্ছিল। এই অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাজা বাজারে বিক্রি হওয়ার খবর পেয়ে কারখানার মালিকদের কঠোরভাবে সতর্ক করে পুলিশ। ঘটনাস্থলেই সমস্ত খারাপ খাজা বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়।
৪ কুইন্টাল খাজা নষ্ট ও প্রশাসনের কড়া বার্তা
অভিযানে প্রায় ৪ কুইন্টাল অস্বাস্থ্যকর খাজা মাটিতে ফেলে নষ্ট করা হয়েছে। পুরী প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, ভক্ত ও পর্যটকদের স্বাস্থ্যের সঙ্গে আপস করে কোনোভাবেই ভেজাল বা নিম্নমানের মিষ্টি বিক্রি করা চলবে না। পবিত্র ধামে প্রসাদের গুণমান বজায় রাখতে ভবিষ্যতে এমন অভিযান আরও কঠোর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দিল্লিতে নৃশংসতা: গণধর্ষণ করে খুন, মাঠে ফেলে দেওয়া হল নাবালিকার দেহ
আসছে ‘গডজিলা এল নিনো’! শীতে কি তবে উধাও হবে সোয়েটার?
