অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু, কড়া বার্তা আদালতের

কলকাতা: স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে তাঁর ‘ফ্রিজ’ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু করে দিল সংশ্লিষ্ট ব্যাঙ্ক…

কলকাতা: স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অবশেষে তাঁর ‘ফ্রিজ’ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু করে দিল সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়। মামলাটি নিষ্পত্তি করার পাশাপাশি, গ্রাহককে আগাম না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো চরম পদক্ষেপের জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কড়া ভাষায় সতর্ক করেছে আদালত।

Advertisements

আদালতের পর্যবেক্ষণ

এদিন মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, যে কোনও গ্রাহকের ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার প্রয়োজন পড়লে আগে থেকে তাঁকে জানানো উচিত। কেন অ্যাকাউন্ট ফ্রিজ় করা হচ্ছে, আগাম সে বিষয়ে গ্রাহককে সতর্ক করতে হবে ব্যাঙ্ককে। এক্ষেত্রেও ব্যাঙ্ক কর্তৃপক্ষের আগে বলা উচিত ছিল, ‘কেওয়াইসি করুন, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।’ ভবিষ্যতে সে কথা যেন কর্তৃপক্ষ মনে রাখেন, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি।

   

আদালতে আইনজীবীদের সওয়াল

আদালতের নির্দেশে ইতিমধ্যেই অভিষেকের বাড়ি গিয়ে কেওয়াইসি (KYC) করে এসেছেন ব্যাঙ্কের প্রতিনিধি। সোমবার আদালতে অভিষেকের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, কেওয়াইসি-র সময় তাঁর মক্কেলের কোনও ছবি নেওয়া হয়নি। অভিষেক কেওয়াইসি করাবেন না, এমন কথা কখনও বলেননি। তা সত্ত্বেও তাঁকে না জানিয়ে কেন অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হল? ভবিষ্যতে আর কখনও ব্যাঙ্ক যেন এমন পদক্ষেপ করতে না পারে, সে বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়ার আর্জি জানান তিনি। পাশাপাশি, অভিষেককে চরম হয়রানির জন্য ব্যাঙ্ককে জরিমানার দাবিও তোলেন আইনজীবী।

পাল্টা ব্যাঙ্কের তরফে আইনজীবী আদালতে জানান, অভিষেকের অ্যাকাউন্ট সাময়িক ভাবে ফ্রিজ় করা হয়েছিল ঠিকই, তবে কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে ওই পদক্ষেপ করেননি। অভিষেক অন্য একটি মামলায় যুক্ত ছিলেন। সেই খবর ব্যাঙ্কের কাছে আসার পর স্বাভাবিক নিয়মেই অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, যা আবার চালু করা হয়েছে। ব্যাঙ্কের বক্তব্য শোনার পর মামলাটির নিষ্পত্তি করে দেন বিচারপতি রাও।

Advertisements

সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট তাঁকে অনুমতিও দেয়। কিন্তু তার পরেই তিনি জানতে পারেন, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে এবং দু’টি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে। অভিষেকের আইনজীবীর দাবি ছিল, কেওয়াইসি-র মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপ করা হল? এরপরই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করে আদালত। অনলাইনে কেন কেওয়াইসি করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। ব্যাঙ্ক জানায়, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় অনলাইনে কেওয়াইসি সম্ভব নয়। এরপরই আদালতের নির্দেশে ব্যাঙ্কের প্রতিনিধি সরাসরি অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি করে আসেন।

বারুইপুরে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন! নেপথ্যে কি তৃণমূল, না দলেরই অন্তর্দ্বন্দ্ব?

একুশের পর ২৮ অগস্ট! ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে হাইকোর্টে মমতা-ঋতব্রত তরজা

Advertisements