কলকাতা: রাজ্যে একটি নয় তিন তিনটি IIT (IIEST Shibpur)তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলার নতুন সরকার। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিকে আইআইটি মর্যাদা দেওয়ার প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এতে খড়গপুরের IIT র পর এটি রাজ্যের দ্বিতীয় IIT হয়ে উঠবে।
একই সঙ্গে উত্তরবঙ্গে, বিশেষ করে শিলিগুড়ি অঞ্চলে নতুন একটি আইআইটি স্থাপনের পরিকল্পনাও এগোচ্ছে। দুই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলা হবে দেশের প্রথম রাজ্য যেখানে তিনটি IIT থাকবে।সম্প্রতি কেন্দ্র-রাজ্য বৈঠকের পর শিক্ষা মন্ত্রকের রাজ্যমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার আইআইইএসটি শিবপুরকে IIT করার প্রস্তাব পাঠাতে চায়।
আরও দেখুনঃ ৩৪০০ কোটির প্রকল্পে রাজ্যেই তৈরী হবে যুদ্ধজাহাজ! শুভেন্দু-রাজনাথের নজরে খিদিরপুর-গার্ডেনরিচ, ইছাপুর
প্রস্তাব এলে কেন্দ্র তা বিবেচনা করবে। তিনি বলেছেন, একসময় এই প্রতিষ্ঠানকে IIT করার কথা ভাবা হয়েছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকারের সম্মতি না থাকায় তা আইআইইএসটি হিসেবে উন্নীত হয়। এখন রাজ্যের উদ্যোগে বিষয়টি আবার আলোচনায় এসেছে।রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, আইআইইএসটির ক্যাম্পাস ও পরিকাঠামো অনেক নতুন IIT র সমতুল্য।
এটি IIT হলে কলকাতায় আরও একটি IIT থাকবে এবং মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ বাড়বে। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান একসময় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত ছিল। পরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বিইএসইউ হয়। আনন্দকৃষ্ণন কমিটির সুপারিশে ২০১০ সালে এটিকে আইআইইএসটি করা হয় এবং ২০১৪ সালের মার্চে জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইমপর্ট্যান্স মর্যাদা পায়।
আরও দেখুনঃ শিলিগুড়ি করিডোরের হুমকি ঠেকাতে ত্রিভুজ গ্রিডের পরিকল্পনা শাহের
এই প্রস্তাবের সঙ্গে উত্তরবঙ্গে নতুন IIT র পরিকল্পনাও যুক্ত। কেন্দ্র জানিয়েছে, উত্তরবঙ্গে IIT ও আইআইএম স্থাপনের বিষয়ে রাজ্যের অনুরোধ পেয়েছে। শিলিগুড়ি ও আশপাশের এলাকায় উপযুক্ত জমি চিহ্নিত করার কাজ চলছে। যদি এটিও বাস্তবায়িত হয়, তাহলে খড়গপুর , শিবপুর এবং উত্তরবঙ্গ এই তিন জায়গায় IIT থাকবে।
এতে রাজ্যের উচ্চশিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।আইআইইএসটি শিবপুরের সমৃদ্ধ ইতিহাস ও অ্যালামনাই নেটওয়ার্ক এটিকে IIT করার পক্ষে শক্তিশালী যুক্তি। প্রতিষ্ঠানটির পরিচালক বলেছেন, IIT মর্যাদা পেলে এর বিকাশ নতুন মাত্রা পাবে। ক্যাম্পাসে পরিকাঠামো উন্নয়নও চলছে। সম্প্রতি নতুন ছাত্রাবাস উদ্বোধন হয়েছে, যা শিক্ষার্থীদের আবাসন সমস্যা কমাবে।
বাংলায় ইতিমধ্যে IIT খড়গপুর , আইআইএম কলকাতা, এনআইটি দুর্গাপুর, আইআইইএসটি শিবপুর ও আইআইআইটি কল্যাণীর মতো প্রতিষ্ঠান রয়েছে। তবুও আরও IIT পেলে রাজ্যের শিক্ষা মানচিত্রে বড় পরিবর্তন আসবে। উত্তরবঙ্গে নতুন IIT হলে সেখানকার শিক্ষার্থীদের সুযোগ বাড়বে এবং আঞ্চলিক বৈষম্য কমবে।
