আজ সারাদিন বৃষ্টি চলবে শহর জুড়ে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক করেছে প্রশাসন। তবে কলকাতা ও আশপাশের এলাকায় শুক্রবারও বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। অর্থাৎ বৃহস্পতিবারের পরেই যে শহর সম্পূর্ণ শুকনো হয়ে যাবে, এমনটা এখনই বলা যাচ্ছে না। গভীর নিম্নচাপ স্থলভাগের উপর দিয়ে এগিয়ে যাওয়ার সময় এর প্রভাবে কয়েক দফায় বৃষ্টি হতে পারে।
এদিকে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও সমুদ্রের জলস্তর বৃদ্ধিরও আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। বড় বড় ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে। সমুদ্রে নামতে তাই নিষেধ করা হয়েছে পর্যটকদের। উপকূলীয় এলাকায় বেশ কিছু জায়গায় ঢুকতে শুরু করেছে সমুদ্রের জলও। সতর্ক রয়েছে প্রশাসন।
দীঘা, মন্দারমণি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকা, দক্ষিণ ২৪ পরগণায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। নিম্নচাপটি এখন পুরী থেকে ২০০ কিমি দূরে রয়েছে। অন্ধ্রপ্রদেশেও এই নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়েছে। বৃষ্টির তাণ্ডব চলছে সপ্তাহ জুড়ে।
এদিকে, নিম্নচাপের প্রভাব দেখা দিয়েছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের জেলা ও সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি টানা রবিবার অবধি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাসেও গভীর নিম্নচাপের স্থলভাগে প্রবেশের পর পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
