কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা TET বাধ্যতামূলক করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরে কর্মরত যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ পাঁচ বছর বা তার বেশি, তাঁদের আগামী ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে আবশ্যই TET পাস করতে হবে। এই নির্দেশ কার্যকর করতে স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, অসংখ্যালঘু বা সাধারণ স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে TET পাস করা বাধ্যতামূলক। তবে যেসব শিক্ষকের চাকরির মেয়াদ পাঁচ বছরের কম, তাঁদের এই পরীক্ষার হাত থেকে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়।
কর্মরত শিক্ষকদের কথা মাথায় রেখে দ্রুত পরীক্ষার আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যাতে শিক্ষকরা পর্যাপ্ত সুযোগ পান, তার জন্য বছরে অন্তত দু’বার অর্থাৎ প্রতি ছ’মাস অন্তর নিয়মিতভাবে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত এই ডেডলাইনের মধ্যে অর্থাৎ ২০২৮ সালের অগস্টের মধ্যে পরীক্ষা পাস করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হতে পারে।
এখনই খালি করতে হচ্ছে না ক্যামাক স্ট্রিটের অফিস, দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
