রামনবমীতে অশান্তির জের! প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপার স্বামীকে তুলল NIA

রিষড়া: রামনবমীর মিছিলে অশান্তি পাকানোর অভিযোগে কড়া পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার হুগলির রিষড়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়ে তাঁর…

রিষড়া: রামনবমীর মিছিলে অশান্তি পাকানোর অভিযোগে কড়া পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। মঙ্গলবার হুগলির রিষড়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়ে তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার শাকির আলিকে গ্রেফতার করলেন এনআইএ আধিকারিকরা।

Advertisements

মঙ্গলবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী রিষড়ায় অপরূপার ওই বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে শাকিরকে গ্রেপ্তার করা হয়। হাই-প্রোফাইল এই তল্লাশির খবর পেয়ে ঘটনাস্থলে যায় রিষড়া থানার পুলিশও। এলাকায় স্থানীয়দের ভিড় জমলেও কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় কাউকেই বাড়ির ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি।

   

উল্লেখ্য, ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির রিষড়া। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি, ইটবৃষ্টি এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে এই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই মামলার সূত্র ধরেই মঙ্গলবার শাকিরের খোঁজে অপরূপার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, অপরূপা পোদ্দার ২০১৪ এবং ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। যদিও ২০২৪ সালের লোকসভা ভোটে দল তাঁকে আর টিকিট দেয়নি। অন্যদিকে, তাঁর স্বামী শাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলার। এদিনের এই হাই-প্রোফাইল গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

Advertisements
Advertisements