কলকাতা: শহরে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মেগা তল্লাশি। এবার ২৯০ কোটি টাকার বিশাল ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে কলকাতা জোন-১-এর ইডি আধিকারিকরা শহরের ১১টি জায়গায় একযোগে অভিযান চালাচ্ছেন। পাশাপাশি, টোল প্লাজা দুর্নীতি সংক্রান্ত অন্য একটি মামলাতেও তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরপর দু’দিন শহরের বুকে ইডি-র এই জোড়া অভিযান ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
কী এই ২৯০ কোটির ব্যাঙ্ক জালিয়াতি?
ইডি সূত্রে খবর, ‘কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই বৃহস্পতিবারের এই অভিযান। অভিযোগ, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির নাম করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ২৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল ওই সংস্থা। কিন্তু সেই বিপুল অর্থ প্রকল্পের কাজে না লাগিয়ে অন্য গোষ্ঠীর সংস্থায় সরিয়ে দেওয়া হয়। এমনকি, ব্যক্তিগত কাজেও ঋণের টাকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।
পরবর্তী সময়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করে সংস্থাটি এনসিএলটি (NCLT)-তে চলে যায়। লিকুইডেশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল ঋণের মাত্র ৭ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়। এর ফলে ঋণদাতা ব্যাঙ্ক এবং অন্যান্য পাওনাদারদের কার্যত মাথায় হাত পড়ে যায়।
কাদের ঠিকানায় তল্লাশি?
এই বিপুল জালিয়াতির তদন্তে নেমেই বৃহস্পতিবার এই গোষ্ঠীর প্রোমোটার প্রশান্ত বোথরা ও বিজয় বোথরা, অন্যান্য ডিরেক্টর এবং সংস্থার অডিটরদের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। যদিও সেখান থেকে এখনও পর্যন্ত কী কী তথ্য-প্রমাণ উদ্ধার হয়েছে, তা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
টোল প্লাজা দুর্নীতিতেও ইডি হানা
অন্যদিকে, এর ঠিক আগের দিন বুধবারও শেক্সপিয়ার সরণির এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনউয়ে দায়ের হওয়া একটি টোল প্লাজা দুর্নীতি মামলার তদন্তেই এই হানা। বুধবার পশ্চিমবঙ্গ-সহ দেশের মোট ১৪টি জায়গায় একই সঙ্গে এই তল্লাশি অভিযান চালানো হয়। শেক্সপিয়র সরণিতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও, সেখান থেকে কী কী নথি উদ্ধার হয়েছে তা এখনও স্পষ্ট করেনি ইডি।
পরপর দু’দিন শহরের বুকে ইডি-র এই জোড়া তৎপরতায় আর কোন কোন রাঘববোয়ালের নাম জড়ায়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
