কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার? সাফ জানাল সরকার

কলকাতা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে অবশেষে আনুষ্ঠানিক সিলমোহর দিল রাজ্য সরকার। সোমবার রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকের পর এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন পুর…

কলকাতা: বহুল চর্চিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে অবশেষে আনুষ্ঠানিক সিলমোহর দিল রাজ্য সরকার। সোমবার রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার (ক্যাবিনেট) বৈঠকের পর এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প রাজ্যে কার্যকর হতে চলেছে। রাজ্যের যে সমস্ত মহিলা বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই সরাসরি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আওতাভুক্ত হবেন। নয়া এই প্রকল্পে উপভোক্তাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। (Annapurna Bhandar Scheme West Bengal)

Advertisements

এই প্রকল্পকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন জল্পনারও এদিন অবসান ঘটিয়েছেন মন্ত্রী। তিনি আশ্বস্ত করে জানান, যাঁরা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরা আপাতত কেউই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তবে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের তথ্য নতুন করে সরকারি স্তরে যাচাই (ভেরিফিকেশন) করে দেখা হবে। পাশাপাশি জানানো হয়েছে, নতুন করে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। অফলাইনে কোনও আবেদন গ্রাহ্য হবে না।

   

মাসিক আর্থিক অনুদানের পাশাপাশি এদিনের ক্যাবিনেট বৈঠক থেকে মহিলাদের জন্য আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করার সুযোগ পাবেন। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেক মহিলা ও শিশুর উত্তরণের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। মাসে ৩ হাজার টাকা। আজ আমাদের সেই প্রতিশ্রুতিই পূরণ হল।”

ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই জোড়া সিদ্ধান্তে রাজ্যের কোটি কোটি মহিলা আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন। মাসে তিন হাজার টাকা অনুদানের পাশাপাশি, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের এই সুবিধা তাঁদের প্রাত্যহিক জীবনে বড়সড় স্বস্তি আনবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements
Advertisements