অভিষেকের উপর হামলা নিয়ে বিস্ফোরক অধীর, নিশানায় তৃণমূল-বিজেপি দু’পক্ষই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেন তিনি।

adhir-ranjan-reacts-on-abhishek-banerjee-attack

সংবাদদাতা, মুর্শিদাবাদ: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, তখন এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, এখন তারই শিকার হচ্ছে শাসক দল।

Advertisements

মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “বাংলায় এরা যে সংস্কৃতি তৈরি করেছে, এখন তারাই সেই সংস্কৃতির শিকার হচ্ছে। আগে তৃণমূল গুন্ডামি করত, এখন বিজেপি করছে।”

   

তিনি আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর কথায়, “এসব বন্ধ হওয়া উচিত। সবাই রাজনীতি করার অধিকার রাখে। আমাদের সব রাজনৈতিক দল স্বাধীন, কিন্তু আমাদের শালীনতা বজায় রাখতে হবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisements

এর আগে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) দাবি করেছিলেন, ডিম ছোড়া বা হেনস্থার ঘটনায় বিজেপির কোনও ভূমিকা নেই। তাঁর বক্তব্য ছিল, ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কোনও নৈতিক অধিকার তৃণমূলের নেই।

এই পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, তিনি একদিকে যেমন তৃণমূলের অতীত রাজনৈতিক আচরণের সমালোচনা করেছেন, তেমনই বর্তমান পরিস্থিতির জন্য বিজেপিকেও আক্রমণ করেছেন।

ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisements