সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ২৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার থেকেই বৃষ্টির দাপট কমতে চলেছে কলকাতা ও বিভিন্ন জেলায়। পুরো সপ্তাহ জুড়ে খেল দেখিয়েছে নিম্নচাপ। তবে আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহবিদরা। উল্লেখ্য, নিম্নচাপের দাপটে বেশ কয়েকদিন ধরেই কলকাতা আর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছে। এবার রোদের মুখ দেখা যাবে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মতোই বৃষ্টি কমবে শহর কলকাতায়। এদিন সকাল থেকেই হালকা রোদ উঠেছে। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি সেভাবে। আজ দিনে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা এদিন নেই। মোটের ওপর গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ হালকা হওয়ারই পূর্বাভাস মিলেছে।
কলকাতার আবহাওয়া
আজ রবিবার শহরবাসী গত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি পাবেন। ফলে সাময়িক স্বস্তি আসতে চলেছে। আকাশ হালকা মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকলেও স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি কিছুটা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি?
অন্যদিকে, রাজ্যের দক্ষিণের জেলাগুলির অধিকাংশতেই বৃষ্টির তেজ কমবে। তবে কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত ভারী বৃষ্টির মতো পরিস্থিতি নেই। ফলে পুজোর আগে আবহাওয়ার মেজাজের উন্নতি হবে বলেই মনে হচ্ছে।
উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত
উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ মোটের ওপর উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভিজবে কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা। বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি প্রতিঘন্টা।
