বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! সন্দেশখালিতে তুলকালাম

বসিরহাট: ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে সামনে রেখে গায়ের জোরে এক কৃষক পরিবারকে জমি থেকে উচ্ছেদ করার মারকাটারি অভিযোগ উঠল সন্দেশখালির বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। আদালতের…

বসিরহাট: ক্ষমতার অপব্যবহার করে পুলিশকে সামনে রেখে গায়ের জোরে এক কৃষক পরিবারকে জমি থেকে উচ্ছেদ করার মারকাটারি অভিযোগ উঠল সন্দেশখালির বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জমি দখল নেওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম)। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেলেও বিধায়ক রেখা পাত্র নিজে এই বিষয়ে মুখ খুলতে চাননি।

Advertisements

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখার বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বউঠাকুরণ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সেখানে প্রায় ৯ বিঘা সম্পত্তি নিয়ে প্রতিবেশী সুভাষ নস্কর পরিবারের সঙ্গে তাঁদের বিবাদ দীর্ঘদিনের। আইনি লড়াই গড়ায় আদালত পর্যন্ত। সুভাষদের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ মেনেই তাঁরা ওই জমিতে চাষবাস করছিলেন এবং সমস্ত আইনি কাগজপত্রও তাঁদের পক্ষে রয়েছে। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশকে তোয়াক্কা না করেই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন বিধায়ক রেখা পাত্র।

   

এর পরেই দু’পক্ষের মধ্যে তীব্র বচসা এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ভাইরাল হওয়া ভিডিয়োয় বিধায়ককে মেজাজ হারাতে দেখা গিয়েছে। সুভাষদের পরিবারের সদস্য বরুণ ও সঞ্জয় নস্করদের অভিযোগ, খোদ পুলিশের সামনেই জোরজবরদস্তি তাঁদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। নিজেদের জমি ফিরে পাওয়ার আর্জি জানিয়ে ন্যায়বিচার দাবি করেছেন তাঁরা।

ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হলেও বিজেপি নেতৃত্বের তরফে এখনও স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য জানান, তিনি বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে বিষয়টি সম্পর্কে বিশদে না জেনে তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।

Advertisements
Advertisements