কলকাতা: নাইকি তাদের জনপ্রিয় পেগাসাস সিরিজে নতুন পেগাসাস প্লাস ২ (Nike Pegasus Plus 2) রানিং শু লঞ্চ করেছে। বৃহস্পতিবার উন্মোচিত এই জুতোটিকে মূলত টেম্পো রানিংয়ের জন্য তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, প্রথম প্রজন্মের পেগাসাস প্লাসের তুলনায় নতুন মডেলটি ১৮ শতাংশ বেশি এনার্জি রিটার্ন দিতে পারে। পেগাসাস প্লাস ২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সামনের অংশে থাকা দৃশ্যমান ও বাঁকানো এয়ার জুম ইউনিট। এর সঙ্গে রয়েছে হালকা ও প্রতিক্রিয়াশীল জুমএক্স ফোম মিডসোল।
কার্ভড এয়ার জুম ইউনিট
নাইকি জানিয়েছে, নতুন জুতোর সামনের অংশে থাকা কার্ভড এয়ার জুম ইউনিটে বিশেষ ধরনের অভ্যন্তরীণ টেনসাইল ফাইবার ব্যবহার করা হয়েছে। এগুলি অনেকটা আগে থেকে চাপ দেওয়া স্প্রিংয়ের মতো কাজ করে এবং দৌড়ের প্রতিটি ধাপে শক্তি ফেরত দিতে সাহায্য করে।
ইউনিটটির বাঁকানো নকশা এক ধাপ থেকে পরের ধাপে যাওয়ার সময় পায়ের মুভমেন্ট আরও স্বাভাবিক করতে সাহায্য করবে বলেও দাবি করেছে সংস্থাটি। বিভিন্ন সাইজের জুতোর জন্য এয়ার জুম প্রযুক্তির নির্মাণ ও চাপের মাত্রাও আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: নজরে পরমাণু কেন্দ্রের অগ্রগতি! SHANTI অ্যাক্টের খসড়া নিয়মাবলী প্রকাশ করল কেন্দ্র
জুমএক্স ফোম মিডসোল
মিডসোলে ব্যবহার করা হয়েছে হালকা ও বাউন্সি জুমএক্স ফোম। এয়ার জুম ইউনিটের সঙ্গে এই ফোমের সমন্বয় তৈরি করা হয়েছে নাইকির রোড-রেসিং জুতোর প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে। সংস্থার দাবি, এই প্রযুক্তির মাধ্যমে প্রথম প্রজন্মের পেগাসাস প্লাসের তুলনায় অন্তত ১৮ শতাংশ বেশি এনার্জি রিটার্ন পাওয়া যাবে।

আরও চওড়া টো বক্স
পেগাসাস প্লাস ২-এ ব্যবহার করা হয়েছে নাইকির এমআর১০ ২.০ লাস্ট। এই নকশাটি প্রথম দেখা গিয়েছিল পেগাসাস ৪২ মডেলে। নতুন লাস্টের ফলে সামনের অংশ এবং টো বক্স আগের তুলনায় কিছুটা বেশি জায়গা দেবে। একই সঙ্গে মিডফুটের ফিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পা সুরক্ষিত থাকে, কিন্তু স্বাভাবিকভাবে নড়াচড়া করতে অসুবিধা না হয়। জুতোর গোড়ালির চারপাশেও আরাম ও সাপোর্ট বাড়াতে অতিরিক্ত উপাদান ব্যবহার করা হয়েছে। রাতে দৌড়ানোর সময় দৃশ্যমানতা বাড়ানোর জন্য রয়েছে রিফ্লেক্টিভ এলিমেন্ট।
আরও পড়ুন: iPhone 17-এর দাম ৭,০০০ টাকারও বেশি বাড়তে পারে? টিপস্টাররা কী বলছেন
নতুন ওয়াফল আউটসোল
পেগাসাস প্লাস ২-এ নতুন ধরনের ওয়াফল আউটসোল দেওয়া হয়েছে। এতে নতুন ফ্লেক্স জোন রয়েছে, যা দৌড়ের সময় পায়ের স্বাভাবিক বাঁক ও নড়াচড়ার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।
৩০-এর বেশি এলিট অ্যাথলিটের পরীক্ষা
নাইকি জানিয়েছে, পেগাসাস প্লাস ২ তৈরির আগে এটি ৩০ জনেরও বেশি এলিট অ্যাথলিট দিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই তালিকায় ম্যারাথন এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিটরাও ছিলেন। জুতোর ফিট ও দৌড়ানোর সময় পায়ের নিচের অনুভূতি নিয়ে পাওয়া তথ্যের পাশাপাশি নাইকি স্পোর্ট রিসার্চ ল্যাবের গবেষণাও নকশা তৈরিতে ব্যবহার করা হয়েছে। গবেষণাগারে দৌড়বিদদের চলাফেরা ও মুভমেন্ট বিশ্লেষণ করা হয়।
কবে বাজারে আসবে?
নাইকি জানিয়েছে, পেগাসাস প্লাস ২ আগস্টের শেষ দিকে নির্বাচিত রিটেল পার্টনার এবং নাইকির অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে। তবে ভারতে এর দাম ও বিক্রির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
