এই সার্বিয়ান তারকাকে দলে টানছে সবুজ-মেরুন

নতুন মরসুমে দল ঢেলে সাজাতে মরিয়া মোহনবাগান। এফসি গোয়ার প্রাক্তন তারকা দেজান ড্রাজিচকে দলে টানার সম্ভাবনা জোরালো হচ্ছে।

mohun-bagan-targets-serbian-star-dejan-drazic

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের হতাশা কাটিয়ে যথেষ্ট দাপটের সাথেই দল খেলতে নেমেছিল ঐতিহাসিক আইএফএ শিল্ড। গ্ৰুপ পর্বে একের পর এক দলকে টেক্কা দিয়ে ফাইনালে উঠেছিল সবুজ-মেরুন। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গলের বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফল থাকলেও বিশাল কাইথের দক্ষ হাতে ভর করেই টাইব্রেকারে বাজিমাত করেছিল মেরিনার্সরা। যারফলে বহু বছর পর শিল্ড আসে গঙ্গা পাড়ের তাঁবুতে।

Advertisements

সেই ধারাবাহিকতা বজায় রেখে সুপার কাপে সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। গ্ৰুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে আটকে গিয়েই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তারপর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য পাওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। অন্যান্য বছরগুলির মত দাপুটে ফুটবলের মধ্য দিয়ে মরসুম শুরু করলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল একাধিক ফুটবল ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ে পয়েন্ট টেবিলে। তাঁদের ছাপিয়ে গিয়েছিল পড়শী ক্লাব।

   

শেষ পর্যন্ত গোল পার্থক্যের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয়, ইস্টবেঙ্গল দল। যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না মোহনবাগান সমর্থকরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, নতুন সিজনের জন্য দলকে ঢেলে সাজানো অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে বদল করা হতে চলেছে একাধিক বিদেশি ফুটবলারদের। কিন্তু কারা আসতে পারেন পরিবর্ত হিসেবে? সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সকলে। গত কয়েকদিন ধরেই দলবদলের বাজারে উঠে আসতে শুরু করেছিল একাধিক হাইপ্রোফাইল ফুটবলারের নাম। তবে এবার শোনা যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ খেলা এক দাপুটে বিদেশিকেই সই করাতে চলেছে মোহনবাগান।

তিনি দেজান ড্রাজিচ। গত কয়েক সিজন ধরেই মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই সার্বিয়ান ফুটবলার। শেষ মরসুমে গোয়ার জার্সিতে জিতেছেন সুপার কাপ। তবে চলতি বছরের মে মাসেই চুক্তি শেষ হয়েছে এই ফুটবলারের। সব ঠিকঠাক থাকলে আগামী দুইটি সিজনের জন্য তাঁকে দেখা যেতে চলেছে মোহনবাগানের জার্সিতে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে।

Advertisements
Advertisements