সায়ন সেনগুপ্ত, কলকাতা: সিএফএল জয়ের পর এবার দাপুটে ফুটবলের মধ্য দিয়ে শিল্ড শুরু করল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুরে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত ৬-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় প্যানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। বলাবাহুল্য, এদিন দলের হয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি অ্যাসিস্ট ও রাখেন লালিয়ানজুয়ালা ছাংতে। এছাড়াও একটি করে গোল করেন অভিষেক সূর্যবংশী, সন্দীপ মালিক এবং লি এরউইন।
বলাবাহুল্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল গোটা দল। ৯ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। অভিষেকের গোলে এগিয়ে যায় দল। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে লালিয়ানজুয়ালা ছাংতের গোল। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এই ভারতীয় তারকা। পাশাপাশি ব্যবধান বাড়ান সন্দীপ ও এরউইন। শেষ পর্যন্ত ছয় গোলের ব্যবধানে আসে সহজ জয়। তিনটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টের মধ্যে দিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন ছাংতে।
এই জয় নিঃসন্দেহে মনোবল বাড়াবে দলের ফুটবলারদের। আগামীতে এই পারফরম্যান্স বজায় রেখেই শিল্ড ধরে রাখার চ্যালেঞ্জ বাগানের। পাশাপাশি আজ ম্যাচের প্রথমার্ধের পরেই ফেডারেশন কতৃপক্ষ সহ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের তত্ত্বাবধানে কলকাতা লিগের ট্রফি তুলে দেওয়া হয় বাগান ফুটবলারদের হাতে। বর্তমানে যা শোভা পাচ্ছে ক্লাব তাঁবুতে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
