রেল পরিষেবা ব্যাহত, কলকাতা থেকে উত্তরবঙ্গে ৬৬টি অতিরিক্ত বাস চালাল রাজ্য

কলকাতা: ফরাক্কার কাছে রেললাইনে বসে যাওয়ার কারণে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সড়কপথে বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। যাত্রীদের…

kolkata-north-bengal-66-extra-buses-rail-services-disrupted-farakka

কলকাতা: ফরাক্কার কাছে রেললাইনে বসে যাওয়ার কারণে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার সড়কপথে বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। যাত্রীদের দুর্ভোগ কমাতে শুক্রবার অন্তত ৬৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

Advertisements

জরুরি পরিষেবার অংশ হিসেবে কলকাতা-শিলিগুড়ি রুটে বিশেষ বাস চালানোর পাশাপাশি মালদহ, বালুরঘাট ও দুর্গাপুরের সঙ্গে সংযোগকারী বিভিন্ন রুটেও অতিরিক্ত বাস নামানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতেও ৬টি অতিরিক্ত বাস চালানো হয়েছিল।

   

কলকাতা-শিলিগুড়ি রুটে ২৩টি অতিরিক্ত বাস

রেল পরিষেবা ব্যাহত হওয়ায় কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কলকাতা-শিলিগুড়ি রুটকে। এই রুটে ২৩টি অতিরিক্ত বাস মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কলকাতা-মালদহের একটি নিয়মিত বাস পরিষেবা বাড়িয়ে শিলিগুড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতার দিকে মোট ১৮টি বাস চলবে। এর মধ্যে ১২টি অতিরিক্ত পরিষেবা হিসেবে চালানো হচ্ছে।

কলকাতা থেকে শিলিগুড়িতে সন্ধ্যায় ৬টি বিশেষ বাস

রেল পরিষেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়া যাত্রীদের কথা মাথায় রেখে কলকাতা থেকেও বিশেষ বাস চালানোর ব্যবস্থা করা হয়েছে। নিউ এসপ্ল্যানেড বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাসের উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় ৬টি বিশেষ বাস ছাডে।

Advertisements

বাসগুলি ছাড়ার সময়:

  • বিকেল ৫টা ৩০ মিনিট
  • সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
  • রাত ৮টা ৩০ মিনিট
  • রাত ৯টা
  • রাত ৯টা ৩০ মিনিট

ফলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য অতিরিক্ত বাস পরিষেবা পাওয়া যাবে।

মালদহ ও বালুরঘাট রুটেও বাড়ল বাস

শুধু কলকাতা-শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও অতিরিক্ত বাস নামানো হয়েছে। দুর্গাপুর-বালুরঘাট এবং কলকাতা-বালুরঘাট রুটে দু’টি করে অতিরিক্ত বাস চালু করা হয়েছে। এছাড়া মালদহ-কলকাতা রুটে ৫টি বাস মোতায়েন করা হয়েছে। এর ফলে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে যাঁরা বিকল্প হিসেবে সড়কপথ বেছে নিতে বাধ্য হচ্ছেন, তাঁদের জন্য অতিরিক্ত পরিবহণের ব্যবস্থা তৈরি হয়েছে।

যাত্রী বাড়লে আরও বাস নামানোর নির্দেশ

পরিস্থিতির দিকে নজর রেখে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সরকারি পরিবহণ সংস্থাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। North Bengal State Transport Corporation (NBSTC) এবং South Bengal State Transport Corporation (SBSTC)-এর ম্যানেজিং ডিরেক্টরদের প্রয়োজন অনুযায়ী আরও বাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে রুটে যাত্রীদের চাপ বেশি হবে, সেখানে চাহিদা অনুযায়ী অতিরিক্ত পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

ভাড়া বাড়ানো ঠেকাতে জেলা প্রশাসনকে নির্দেশ

রেল পরিষেবা ব্যাহত হওয়ার সুযোগ নিয়ে যাতে বেসরকারি বাসগুলি অস্বাভাবিক হারে ভাড়া না বাড়ায়, সেদিকেও নজর রাখছে রাজ্য সরকার। জেলাশাসকদের বেসরকারি বাস অপারেটরদের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে অযৌক্তিক ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা দেখার দায়িত্বও দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। সরকারি বাসের সংখ্যা যাত্রীদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট না হলে জরুরি ভিত্তিতে বেসরকারি বাসও requisition বা সরকারি প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

পরিস্থিতির উপর নজর পরিবহণ দফতরের

ফরাক্কার কাছে রেললাইনে বসে যাওয়ার জেরে রেল পরিষেবায় তৈরি হওয়া সমস্যার দিকে পরিবহণ দফতর নিয়মিত নজর রাখছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হলে আরও বাস চালানো হবে বলে জানানো হয়েছে।

রাজ্যের লক্ষ্য, রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাত্রী চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখা। বিশেষ করে কলকাতা, মালদহ, বালুরঘাট ও শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে অতিরিক্ত বাস পরিষেবা চালু রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার।

Advertisements