ভারত-মার্কিন যুদ্ধ মহড়ায় এবার আকাশে গর্জন করবে মার্কিন F-৩৫

নয়াদিল্লি: ভারতের আকাশে এবার দেখা যেতে চলেছে বিশ্বের অন্যতম (US F-35)আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং-২। ভারতীয় বায়ুসেনার বহুজাতিক মহড়া ‘তারং শক্তি ২০২৬’-এ প্রথমবারের মতো…

us-f-35-tarang-shakti-2026

নয়াদিল্লি: ভারতের আকাশে এবার দেখা যেতে চলেছে বিশ্বের অন্যতম (US F-35)আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং-২। ভারতীয় বায়ুসেনার বহুজাতিক মহড়া ‘তারং শক্তি ২০২৬’-এ প্রথমবারের মতো সক্রিয়ভাবে অংশ নেবে মার্কিন এফ-৩৫। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশনে চলবে এই মহড়া। ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত জানিয়েছেন, মার্কিন এফ-৩৫ এবার শুধু প্রদর্শনীতে নয়, সরাসরি মহড়ার অংশ হিসেবেই ভারতীয় ও অন্যান্য দেশের যুদ্ধবিমানের সঙ্গে উড়বে।

Advertisements

ভারতে এফ-৩৫-এর উপস্থিতি অবশ্য এই প্রথম নয়। ২০২৩ এবং ২০২৫ সালে বেঙ্গালুরুর অ্যারো ইন্ডিয়া প্রদর্শনীতে এই স্টেলথ যুদ্ধবিমান দেখা গিয়েছিল। তবে ভারতীয় মাটিতে কোনও সামরিক মহড়ায় এফ-৩৫-এর সরাসরি অংশগ্রহণ এবারই প্রথম। ফলে তারং শক্তি ২০২৬-কে ঘিরে ভারতীয় বায়ুসেনার জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

   

আরও দেখুনঃ ভারতের অর্থনীতি আগামী ১০ বছরে হবে ৩ গুন! দাবি জেপি মর্গ্যানের সিইও জ্যামি ডাইমনের

এবারের মহড়ায় আমেরিকার পক্ষ থেকে এফ-৩৫-এর পাশাপাশি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কারও অংশ নেবে। দীর্ঘপথে যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে মাঝ আকাশে জ্বালানি ভরার এই ক্ষমতা গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতীয় বায়ুসেনা নিজেদের রাফাল, সুখোই-৩০এমকেআই, দেশীয় এলসিএ তেজস, মিরাজ-২০০০, মিগ-২৯ এবং জাগুয়ারের মতো যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নেবে। ফলে একসঙ্গে একাধিক প্রজন্মের ও বিভিন্ন প্রযুক্তির যুদ্ধবিমানকে নিয়ে জটিল আকাশযুদ্ধের অনুশীলনের সুযোগ তৈরি হবে।

Advertisements

তারং শক্তি ২০২৬-এর পরিধিও যথেষ্ট বড়। সরকারি তথ্য অনুযায়ী, আটটি বিদেশি দেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, গ্রিস, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং আমেরিকা বিমান নিয়ে অংশগ্রহণ করবে। পাশাপাশি ৩২টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় উপস্থিত থাকবে। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে ফ্রান্স রাফাল, এ৪০০এম পরিবহণ বিমান ও এমআরটিটি ট্যাঙ্কার আনছে। সংযুক্ত আরব আমিরশাহি অংশ নেবে এফ-১৬ এবং গ্লোবাল ৬০০০-এর মতো প্ল্যাটফর্ম নিয়ে।

এই মহড়ার মূল লক্ষ্য শুধুমাত্র যুদ্ধবিমানের প্রদর্শন নয়। (US F-35)আধুনিক যুদ্ধক্ষেত্রে বিভিন্ন দেশের বিমানবাহিনী কীভাবে একসঙ্গে পরিকল্পনা করে অভিযান চালাতে পারে, সেটিই পরীক্ষা করা হবে। কাউন্টার-এয়ার অপারেশন, আকাশ প্রতিরক্ষা, রেকনাইস্যান্স, এয়ারলিফট, মাঝ আকাশে জ্বালানি সরবরাহ এবং জটিল কমব্যাট মিশনের মতো বিভিন্ন পরিস্থিতিতে প্রশিক্ষণ হবে। বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ বা বিআরভি যুদ্ধ, এয়ার ডিফেন্স এবং গুরুত্বপূর্ণ আকাশযানকে সুরক্ষা দেওয়ার মতো পরিস্থিতিও মহড়ার অংশ হবে।

এফ-৩৫-এর অংশগ্রহণের ফলে ভারতীয় বায়ুসেনার পাইলট ও প্রযুক্তিগত কর্মীদের সামনে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা, স্টেলথ প্রযুক্তি, উন্নত সেন্সর ফিউশন এবং নেটওয়ার্ক-কেন্দ্রিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা পাওয়ার সুযোগ তৈরি হবে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট বা এএমসিএ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার সময় এই ধরনের অভিজ্ঞতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে এফ-৩৫-এর মহড়ায় অংশগ্রহণকে ভারতের সম্ভাব্য এফ-৩৫ কেনার সিদ্ধান্ত হিসেবে দেখার কোনও সরকারি ভিত্তি নেই। বরং এই মহড়ার অন্যতম উদ্দেশ্য বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সমন্বয় এবং আন্তঃকার্যক্ষমতা বাড়ানো। অর্থাৎ একই আকাশযুদ্ধে ভিন্ন দেশের, ভিন্ন প্রযুক্তির বিমান ও কমান্ড ব্যবস্থাকে কীভাবে কার্যকরভাবে সমন্বয় করা যায়, সেটিই বড় পরীক্ষা।

২০২৪ সালের প্রথম তারং শক্তি মহড়ায় ১১টি দেশ নিজেদের বিমান নিয়ে অংশ নিয়েছিল। দুই পর্যায়ে হওয়া সেই মহড়ায় ৪৫টি বিমান ৭৬টি মিশনে অংশ নেয় এবং ৮০০-র বেশি সর্টি হয়েছিল। এবার আরও বড় পরিসরে একটিমাত্র পর্যায়ে যোধপুরে মহড়া অনুষ্ঠিত হবে। থর মরুভূমির বিস্তীর্ণ আকাশসীমা বড় আকারের কৌশলগত উড়ানের জন্য উপযুক্ত হওয়ায় যোধপুরকে বেছে নেওয়া হয়েছে।

Advertisements