সেপ্টেম্বর মাসের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বড়সড় কোপ। ১ তারিখ থেকেই দেশজুড়ে বেশ কয়েকটি বড় আর্থিক পরিবর্তন কার্যকর হলো। গ্যাস থেকে শুরু করে গাড়ি, দৈনন্দিন জীবনের একাধিক ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি প্রতিটি ঘরের বাজেটে গিয়ে পড়বে। এক নজরে দেখে নেওয়া যাক, আজ থেকে কী কী নিয়ম বদলাল-
মহার্ঘ বাণিজ্যিক রান্নার গ্যাস
মাসের শুরুতেই ফের বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম। হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত এই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯.৫০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম হলো ২,৯৮২ টাকা। দিল্লিতে এর দাম বেড়ে হয়েছে ২,৭৪৭.৫০ টাকা। তবে স্বস্তির খবর, গৃহস্থের ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
শেষ হলো ই-কেওয়াইসির (e-KYC) সময়সীমা
রান্নার গ্যাসের সংযোগের জন্য ই-কেওয়াইসি আপডেটের সময়সীমা ৩১ অগস্ট শেষ হয়েছে। যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাঁদের সংযোগ সরাসরি বাতিল না হলেও আগামী দিনে ভর্তুকির গ্যাস পেতে বা নতুন সিলিন্ডার বুক করতে সমস্যা হতে পারে।
দামি হলো চারচাকা গাড়ি
\উৎসবের মরসুমের আগেই গাড়ি ক্রেতাদের জন্য দুঃসংবাদ। আজ থেকে টাটা মোটরস (Tata Motors) তাদের সমস্ত প্যাসেঞ্জার ভেহিকেল ও এসইউভি-র দাম ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়াচ্ছে। হুন্ডাই মোটরসও (Hyundai) চলতি বছরে তৃতীয়বারের জন্য তাদের গাড়ির দাম বৃদ্ধি করল।
বিদেশ যাত্রায় স্বস্তি
আজ থেকে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোর্ডিং পাসে স্ট্যাম্প লাগানোর বাধ্যবাধকতা তুলে নেওয়া হলো। যাত্রীরা মোবাইল ফোনে ইলেকট্রনিক বোর্ডিং পাস বা প্রিন্টেড কপি দেখিয়েই দ্রুত ইমিগ্রেশন পর্ব মেটাতে পারবেন।
মুম্বইবাসীর পকেটে বাড়তি চাপ
এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। সেখানে আরও তিনটি ক্ষেত্রে খরচ বেড়েছে-
সিএনজি (CNG) ও অটো ভাড়া: মহানগর গ্যাস লিমিটেড (MGL) প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা বাড়িয়ে ৮৮ টাকা করেছে। এর ফলে শহরের ট্যাক্সি ও অটোর ভাড়াও পাল্লা দিয়ে বাড়ছে। (উল্লেখ্য, দিল্লি-এনসিআর এলাকাতেও আইজিএল সিএনজির দাম ৩.৮৯ টাকা বাড়িয়েছে)।
বাড়ল পিএনজি-র (PNG) দাম: রান্নাঘরে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাসের দাম প্রতি এসসিএম-এ ১ টাকা বাড়িয়ে ৫৩ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই এই দাম বৃদ্ধি।
দুধের দাম লিটারে বাড়ল ৯ টাকা: প্যাকেটজাত দুধ না হলেও, মুম্বইয়ের খোলা বাজারে দুধের দাম একধাক্কায় প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে ৯৩ টাকার দুধ আজ থেকে বিকোচ্ছে ১০২ টাকায়।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
