রাষ্ট্রসঙ্ঘে একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, ঠিক তখনই সেই একই সুরে সন্ত্রাসবাদে প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি তাঁর ১৩৮ তম মন কি বাত পর্বে সন্ত্রাসবাদে ভারতের জিরো টলারেন্স নীতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন দেশের ওপর হামলা চালানোর চেষ্টা করা হলে, তার উপযুক্ত জবাব দেওয়া হবে। তার জন্য সবসময় ভারত তৈরি।
এদিন মন কি বাতের পর্বে প্রধানমন্ত্রী বলেন গত এক দশকে সন্ত্রাসবাদ নির্মূল করার সবরকম চেষ্টা চালিয়ে গেছে ভারত। ভবিষত্য়েও সেই কাজ করে যাবে। দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাসবাদ নির্মূল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত বলে জানান মোদী। জাতীয় নিরাপত্তা ও জাতীয় সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে বারবার দেশের জিরো টলারেন্স নীতির প্রসঙ্গ তুলেছেন তিনি। বিগত ১০ বছরের সন্ত্রাসবিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইক এবং ২০২৫ সালের অপারেশন সিঁদুরের উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী এর আগে ‘অপারেশন সিঁদুর’-কে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন এবং ভারতের নিজস্ব শর্তে সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার একটি নীতির রূপরেখা দিয়েছেন। সরকার ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালের বালাকোট বিমান হামলা এবং ২০২৫ সালের অপারেশন সিঁদুরকেও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি ভারতের কড়া দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে ব্যাখ্য়া করেছেন।
অশোক সিঙ্ঘলকে নিয়ে বক্তব্য
আজকের ‘মন কি বাত’-এ অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সমাজ ও দেশের জন্য তাঁর দীর্ঘদিনের কাজ এবং অবদানের কথা স্মরণ করেন মোদী। তাঁর জীবন ও কর্মকাণ্ড আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
