ভারী বৃষ্টি চলছিল একটানা। জনজীবন বিপর্যস্ত ছিল। আরও বিপদ বাড়িয়ে এবার সিকিমে নামল ভয়াবহ ভূমিধস। পাহাড় থেকে নেমে আসা মাটি কাদার হড়পা বানে ধংস্ব হয়ে গিয়েছে বেশ কয়েকটি পাহাড়ি গ্রাম। পশ্চিম সিকিমের ইউকসম-তাশিডিং এলাকার রিম্বি গ্রামে এই ভূমিধস নামে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি সিকিম থেকে।
ঘটনাটির একটি ভিডিও সামনে এসেছে, খুব দ্রুত তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে বিপুল পরিমাণ মাটি ও কাদার স্রোত নেমে আসছে। গ্রামের বাড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে নিয়ে যাচ্ছে। এই ভিডিও নেপালের ভয়াবহ বানের স্মৃতি উসকে দিয়েছে। সিকিমে টানা বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গিয়েছে সড়ক যোগাযোগ। আর ধস নামতে পারে এই মর্মে সিকিমের অন্যান্য এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সিকিম প্রশাসন জানাচ্ছে রিম্বি এলাকায় এটাই প্রথম ভূমি ধস নয়। এই ধসের ফলে রিম্বি ও খচেওপালরিকের রাস্তা প্রায় ভেঙে পড়েছে। ফলে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার সকালে সড়ক ও সেতু মন্ত্রী এনবি দাহাল ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকার রিম্বি ও তার আশেপাশের সড়কসহ বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন। গোটা এলাকা জুড়ে ক্ষতির পরিমাণ কত, তা বলা এখনও সম্ভব হয়নি।
মেরামতের কাজ দ্রুত করতে নির্দেশ দিয়েছে প্রশাসন। সড়ক মন্ত্রী দাহাল বলেছেন রিম্বি এলাকার একাধিক সড়ক কাদা ধসের তলায়। তিনি ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-কে নির্দেশ দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে।
