দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা গাড়ির, নিহত ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ত্রিশূর: রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির পিছনে সজোরে ধাক্কা মারল দ্রুতগতির একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটে কেরলের ত্রিশূর জেলায়৷ এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে…

ত্রিশূর: রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির পিছনে সজোরে ধাক্কা মারল দ্রুতগতির একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটে কেরলের ত্রিশূর জেলায়৷ এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন তামিলনাড়ুর আট জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। শুক্রবার গভীর রাতে ত্রিশূরের কাইপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisements

কী ভাবে ঘটল দুর্ঘটনা?

কেরল পুলিশের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ে জাতীয় সড়কের উপর কাইপামঙ্গলমে একটি পণ্যবাহী লরি দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির গাড়িটি সজোরে ওই লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, ওই রাস্তায় সেই সময়ে মেরামতির কাজ (Roadwork) চলছিল। সেই কারণেই লরিটি সেখানে দাঁড়িয়ে ছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

   

গাড়ি কেটে উদ্ধারদেহ

দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই গাড়িটি সম্পূর্ণ রূপে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জন পড়ুয়ার। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকলের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। দুমড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করতে রীতিমতো গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা ও অন্যান্য অংশ কেটে ফেলতে হয় দমকল কর্মীদের। গুরুতর আহত অবস্থায় এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতদের দেহগুলি বর্তমানে ত্রিশূর মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহতদের পরিচয়

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহতরা সকলেই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। দুর্ঘটনাস্থল থেকে ডিন্ডিগুলের পিএসএনএ (PSNA) ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার পরিচয়পত্রও (আইডেন্টিটি কার্ড) উদ্ধার করেছে পুলিশ। নিহতদের সকলের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঠিক কী পরিস্থিতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisements

অষ্টমীর রাতে এই অকালমৃত্যুর খবরে নিহত ছাত্রদের পরিবারে তো বটেই, দুই রাজ্যেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে! মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সংযুক্ত কৃষক মোর্চা

বুদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি! জারি তল্লাশি

Advertisements