নয়াদিল্লি: আগামীকাল ১৫ অগস্ট, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আর তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার ধারাবাহিক বোমাতঙ্কে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও সংলগ্ন এনসিআর (NCR)। লালকেল্লা, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI)-এর ৩ নম্বর টার্মিনাল, দিল্লি হাইকোর্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যদিও প্রাথমিক তল্লাশির পর এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে এই জোড়া হুমকিতে রাজধানী জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ ও জাতীয় নিরাপত্তা সংস্থাগুলি।
কোথায় কোথায় হুমকি?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লালকেল্লা ও বিমানবন্দর ছাড়াও জাম নগর হাউস, ঝান্ডেওয়ালান বিল্ডিং, এমবি সাকেত অফিস বা ডিএম অফিস এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিসে বোমার হুমকি দিয়ে ফোন আসে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি স্থানে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে পুলিশি তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
খালিস্তানি যোগ ও দিল্লি হাইকোর্টে ইমেল
শুক্রবার দিল্লি হাইকোর্টে একটি অত্যন্ত চাঞ্চল্যকর হুমকিমূলক ইমেল আসে। “BOMB Blast Delhi High Court @ 2:11PM” শীর্ষক ওই ইমেলে দাবি করা হয়, ১৫ অগস্ট দুপুর ২টো ১১ মিনিটে হাইকোর্টে এবং ৩টে ১১ মিনিটে জেলা আদালতগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। এখানেই শেষ নয়, ওই ইমেলে ‘খালিস্তান’ এবং ‘১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা’-র প্রসঙ্গ উল্লেখ করে দিল্লি মেট্রোর একাধিক লাইন এবং আম্বালা থেকে আগত ট্রেনগুলিতেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।
কড়া নিরাপত্তায় মুড়ল রাজধানী ও এনসিআর
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর প্রথাগত ভাষণের কথা মাথায় রেখে গোটা দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনট প্লেস, আইজিআই বিমানবন্দর এবং নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের মতো জনবহুল এলাকাগুলিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
শুধু দিল্লিই নয়, সংলগ্ন গুরুগ্রামেও নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। গুরুগ্রাম পুলিশ প্রায় সাড়ে ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করেছে এবং গোটা জেলায় ১১টি বড় চেকপয়েন্ট তৈরি করেছে। ভিআইপি রুট, প্রবেশ ও প্রস্থানের পথ, পার্কিং এরিয়া এবং অন্যান্য সংবেদনশীল জায়গাগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
জনগণনার জন্য ৪০ টি প্রশ্নের সেট তৈরী করল স্বরাষ্ট্রমন্ত্রক
ধামি রাজ্যের নির্মীয়মান টানেলে ভয়ঙ্কর দুর্ঘটনা! আটকে একাধিক শ্রমিক
