ভোপাল: মধ্যপ্রদেশের নদী এবং কর্ণাটকের জঙ্গল সাফাইয়ের পর এবার রাজধানীর যমুনা নদী পরিচ্ছন্ন করার মিশনে নামলেন পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘বিট্টি তাবাহী’ নামে সমধিক পরিচিত। বিশ্ব ক্লিনআপ ডে (World Cleanup Day) উপলক্ষে আয়োজিত তিন দিনের এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই যমুনার তীর থেকে প্রায় ৫৮৫ কেজি বর্জ্য অপসারণ করেছেন বিট্টি ও তাঁর স্বেচ্ছাসেবী দল।
যমুনায় সাফাই অভিযান
গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ক্লিনআপ ডে-র দিন থেকেই যমুনা পরিচ্ছন্ন করার এই অভিযান শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিট্টি এবং তাঁর সহযোগীরা নদীর তীরে পড়ে থাকা প্লাস্টিক, পুজোর ফুল, মালা এবং অন্যান্য আবর্জনা সংগ্রহ করছেন। মাত্র সাড়ে চার ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় অনেক বাসিন্দাও স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সঙ্গে হাত লাগান।
ইনস্টাগ্রামে নিজের সাফল্যের কথা শেয়ার করে বিট্টি লিখেছেন, “বিশ্ব ক্লিনআপ ডে-তে যমুনার তীরে সাড়ে চার ঘণ্টা ধরে সাফাই চালিয়ে আমরা একসঙ্গে ৫৮৫ কেজি আবর্জনা তুলেছি। ঘাটে ফুল, মালা, পূজাসামগ্রী এবং প্লাস্টিক ছড়িয়ে ছিল। আশপাশের মানুষও এসে সাহায্য করায় পুরো তীর পরিষ্কার হয়ে গেছে। যাঁরা এসেছিলেন, তাঁদের সবাইকে মন থেকে ধন্যবাদ।” জানা গিয়েছে, গুরুগ্রামের খেড়কি দউলা (Khedki Daula) হতে চলেছে তাঁর পরবর্তী গন্তব্য।
প্রশংসায় শিল্পপতি আনন্দ মহিন্দ্রা
এর আগে মধ্যপ্রদেশের অত্যন্ত দূষিত আজনার নদী এবং বেঙ্গালুরুর কাছে তুরাহাল্লি জঙ্গল পরিষ্কার করে দেশজুড়ে নজর কেড়েছিলেন বিট্টি। তাঁর এই কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিশিষ্ট শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। এমনকি তাঁর এই পরিবেশ রক্ষার কাজের জন্য ডাচ পরিবেশবাদী সংস্থা ‘দ্য ওশেন ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা বয়ান স্লাট তাঁকে চাকরির প্রস্তাবও দিয়েছিলেন। আগামী দুই দিন ধরে যমুনার এই সাফাই অভিযান আরও চলবে বলে জানা গিয়েছে।
টুলু মণ্ডলের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টের, বিপাকে দেশত্যাগী পাথর ব্যবসায়ী
বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
