বড় খবর দিলেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। বুধবার তিনি জানান, রাজ্যে বাড়তে চলছে বাস ও ভাড়া। ২০১৮ সালের পর এই প্রথ্ম ভাড়া বাড়বে বাস ও ট্যাক্সির। শুধু বেসরকারি নয়, দাম বাড়ানো হবে সরকারি বাসেরও। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠকে বসেছে পরিবহণ দফতর। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও মোটামুটি স্থির হয়েছে ভাড়া বাড়ানোর বিষয়ে। এই বিষয়ে আরও কথা ও আলোচনা চলবে বলে জানিয়েছেন আনন্দময় বর্মন।
প্রতিমন্ত্রী বলেন ‘বেসরকারি বাসমালিকরা দীর্ঘদিন ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবি যুক্তিসঙ্গত। ২০১৮ সালে শেষবার রাজ্যে বাস ভাড়া বেড়েছিল। সরকারি বা বেসরকারি, কোনও ক্ষেত্রেই আর ভাড়া বাড়েনি। কলকাতায় চলা মিটার ট্যাক্সিতেও ভাড়া বাড়েনি।’ কোচবিহার পরিবহণ ভবনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কাজকর্ম এবং পরিষেবা নিয়ে বৈঠক করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন বাসের সংখ্যা রাজ্যে কমেছে। সেই বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ২০১৮ সালে জ্বালানি বা চাল ডালের যে দাম ছিল, তার থেকে অনেকটাই বেড়েছে এখন। তাই বাজারের সঙ্গে সাযুজ্য রাখতেই বাড়ানো হবে বাস ও ট্যাক্সির ভাড়া। পুজোর আগে ভাড়া অবশ্য বাড়ছে না। তাতে মানুষের অসুবিধা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত পুজোর পরে নেওয়া হবে। পুজো মিটলেই রাজ্য়ে তাই বাড়তে চলেছে ভাড়া।
তিনি আরও জানান, ‘কারও বেশি, কারও কম হলে পরিবহণ ক্ষেত্রে সমস্যা হবে। কলকাতায় বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। পুজোর পরে আবার সকলকে নিয়ে, সকলের মতামত নিয়ে ভাড়ার চার্ট তৈরি হবে। বেসরকারি বাসের ভাড়া বাড়িয়ে সরকারি বাসে না বাড়লে সামঞ্জস্য থাকবে না।’
