‘গুন্ডাদমন’ বিল নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতে পিআইবির পোস্ট শেয়ার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে ‘ভুয়ো খবর’ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রাষ্ট্রপতি বিলটি ফিরিয়ে দিয়েছেন— এই দাবি সত্য নয় বলেও জানান তিনি। সাধারণ মানুষকে যাচাই না-করা খবর বিশ্বাস না করার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন’ বিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। তার প্রেক্ষিতেই নয়া তথ্য সামনে এসেছে। এই বিলটি নাকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফিরিয়ে দিয়েছেন। এই মর্মে একটি খবর ছড়িয়ে প়েছিল। সেইসঙ্গে শুরু হয়েছিল জোর বিতর্ক। এরপরেই West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026 বিলটিতে সই করেননি রাষ্ট্রপতি বলে যে খবর ছড়িয়েছিল, তা খারিজ করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। PIB-র পোস্টে জানানো হয়েছে, বিলটি রাষ্ট্রপতির বিবেচনা ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও সেটি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরগুলির পরীক্ষাধীন।
রাষ্ট্রপতির দফতর থেকে বিলটি যে ফেরত এসেছে, তার কোনও প্রমাণ এখনও মেলেনি বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, বিলটি পশ্চিমবঙ্গের রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির বিবেচনা ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরগুলিতে এর পর্যালোচনা চলছে। অর্থাৎ, বিলটির চূড়ান্ত সাংবিধানিক প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
