নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল (Gyanesh Kumar)ইনটেনসিভ রিভিশন (SIR) ঘিরে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য এবার পৌঁছল আদালতের দরজায় । প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা বা PIL দায়ের করা হয়েছে। একইসঙ্গে মহারাষ্ট্রে SIR সংক্রান্ত CEC-এর জারি করা ১৪টি নির্দেশকেও চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে পৃথক মামলা দায়ের হয়েছে। ফলে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে আইনি বিতর্ক আরও জোরালো হয়েছে।
আরও দেখুনঃ সংসদে বেশি সময় দিতে হবে তফসিলি সাংসদদের! বিড়লার কাছে দাবি জিতেনের
সুপ্রিম কোর্টে দায়ের করা PIL-টি করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। আইনজীবী চাঁদ কুরেশির মাধ্যমে দায়ের করা ওই আবেদনে CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি নির্বাচন কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনারের মতামতের সঙ্গে সঙ্গতি না রেখেই SIR সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। (Gyanesh Kumar)এই অভিযোগের ভিত্তি হিসেবে একটি সংবাদ প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছিল, SIR নিয়ে কমিশনের বৈঠকে দুই নির্বাচন কমিশনার লিখিত আপত্তি জানানো সত্ত্বেও কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল।
আবেদনকারীর অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যারে পরিবর্তন, বিধিবদ্ধ Form 6-এর নিয়ম ও প্রক্রিয়ায় সংশোধন-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত CEC এককভাবে নিয়েছেন। এই সিদ্ধান্তগুলির ক্ষেত্রে নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক যোশির সম্মতি ছিল না বলেও PIL-এ দাবি করা হয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে Form 6 একটি গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ আবেদনপত্র।
PIL-এ আরও দাবি করা হয়েছে, ২০২৩ সালের Chief Election Commissioner and Other Election Commissioners Act-এর Section 18 অনুযায়ী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতামতের বিষয়টি গুরুত্বপূর্ণ। (Gyanesh Kumar)সেই আইনি কাঠামোর বাইরে গিয়ে যদি CEC-এর একক সিদ্ধান্তে কোনও নির্দেশ, গাইডলাইন, সফটওয়্যার পরিবর্তন বা অন্য কোনও পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, তাহলে সেগুলিকে অসাংবিধানিক, আইনের ক্ষমতার বাইরে এবং শুরু থেকেই বাতিল বলে ঘোষণা করা হোক। আদালতের কাছে এমন সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।
শুধু সিদ্ধান্ত বাতিলের দাবিতেই থেমে থাকেননি আবেদনকারী। CEC জ্ঞানেশ কুমার, সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার মনীশ গর্গ, ECI-এর ডিরেক্টর জেনারেল (ইনফরমেশন টেকনোলজি) সীমা খান্না-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সরকারি দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি পদক্ষেপের দাবিও জানানো হয়েছে। তবে আদালতে উত্থাপিত এই অভিযোগগুলির সত্যতা এখনও বিচারাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও এই মামলার নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে মহারাষ্ট্রেও SIR নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। শুক্রবার বোম্বে হাইকোর্টে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সেখানে CEC জ্ঞানেশ কুমারের SIR (Gyanesh Kumar)সংক্রান্ত ১৪টি নির্দেশ বাতিলের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রে SIR পরিচালনার সাংবিধানিক বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
মামলাকারীদের দাবি, SIR-এর ফলে যেসব ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে আইন মেনে নতুন ভোটার তালিকা প্রস্তুত, SIR পরিচালনার নির্দেশ ও তার নেপথ্যে থাকা নথিভুক্ত কারণ প্রকাশ এবং গোটা প্রক্রিয়ার পদ্ধতি ও আইনি ভিত্তি স্পষ্ট করার দাবিও উঠেছে। যোগ্য ভোটার যাতে ভুলভাবে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
