আগের দশকের শিল্পের খরা কাটাতে কাজ করবে তাঁর সরকার। এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই আপাতত কাজ করছে রাজ্যের বিজেপি সরকার। শিল্পে বিনিয়োগে গতি আনতে সম্প্রতি মুম্বই পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির সহ্গে তাঁর একটি বৈঠক হয়েছে বলে খবর।
সোমবার রাতে বৈঠক করেন মুকেশ আম্বানি ও শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যে বিনিয়োগের বিষয়ে একাধিক কথা হয়। উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিও। রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে সদর্থক মনোভাব দেখান মুকেশ। পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আম্বানি গোষ্ঠী আগ্রহী বলেও জানা গিয়েছে। সেইসঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসার জন্য গুজরাটের পর এরাজ্যে ‘বনতারা’র নতুন শাখা খুলতে পারেন আম্বানিরা, বলে খবর মিলেছে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য শুভেন্দু অধিকারী নিজেই দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন ‘গতকাল (সোমবার) বিখ্যাত শিল্পপতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিজির সঙ্গে মুম্বইয়ে দেখা করেছি। সেখানে গণেশকে প্রার্থনা জানানোর সুযোগ হয়েছে। দেশবাসীর সুখশান্তি কামনা করে আশীর্বাদ চেয়েছি। মা কালীর বিশেষ একটি মূর্তি আমি তাঁদের হাতে তুলে দিতে পেরে সৌভাগ্যবান মনে করছি।’
তিনি আরও লেখেন ‘এই সফরে কথা হয়েছে কর্মসংস্থান নিয়ে। আমরা পশ্চিমবঙ্গের শিল্পে অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। যুব সম্প্রদায়ের দক্ষতা, শক্তিকে প্রয়োগ করে আমাদের রাজ্যে কাজের সুযোগ রয়েছে। তাঁরা এগিয়ে এলে স্বাগত।’ রাজ্যে শিল্পের ভোল পাল্টাতে যে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী, তা বলাই বাহুল্য।
