AIIMS-এ বিমান বসু, বসেছে পেসমেকার; কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?

কলকাতা: গত তিন দিন ধরে দিল্লির এইমসে (AIIMS) ভর্তি রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছিল…

কলকাতা: গত তিন দিন ধরে দিল্লির এইমসে (AIIMS) ভর্তি রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর হাসপাতালে ভর্তির খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছিল বাম কর্মী-সমর্থকদের মধ্যে। অবশেষে তাঁর শারীরিক অবস্থার আপডেট দিল দল। সিপিএম সূত্রে খবর, ৮৬ বছরের এই প্রবীণ রাজনীতিবিদের পেসমেকার বসেছে। সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Advertisements

কেমন আছেন বিমান বসু?

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিয়মিত এইমসের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। দলের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, উদ্বেগের কোনও কারণ নেই। এখন বিমান বসু ভাল আছেন। তবে চিকিৎসকরা এই মুহূর্তে তাঁর সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে বারণ করেছেন। হাসপাতাল সূত্রে খবর, আগামী দু’একদিনের মধ্যে কিছু রুটিন পরীক্ষা করে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

   

এমনিতে ৮৬ বছর বয়সেও এই বামনেতা যথেষ্ট ‘ফিট অ্যান্ড ফাইন’। এখনও তিনি তরতর করে সিঁড়ি দিয়ে উঠে পড়তে পারেন। মিছিলের অগ্রভাগে থেকে তরুণদের সঙ্গেই পাল্লা দিয়ে হাঁটেন। পরিমিত আহার এবং নিয়মানুবর্তিতার মধ্যেই মুজফফর আহমেদ ভবনের ছোট্ট ঘরে তাঁর বসবাস। তবে বয়সজনিত কারণে চিকিৎসকরা তাঁকে একাধিক বিষয়ে কড়াকড়ি করেছেন। ২০২৪ সালের শেষে অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর থেকে চিকিৎসকদের কড়া অনুশাসনেই ছিলেন তিনি। এমনকি গত মার্চে রাজ্যে অবস্থান বিক্ষোভে শামিল হলেও, চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে বাকি নেতৃত্বের সঙ্গে রাত জাগতে পারেননি তিনি। যা নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন বিমান বসু।

কলকাতায় হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্যও

অন্যদিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও। শুক্রবার পেটের ডান দিকে ব্যথা অনুভব করায় তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। স্ক্যানে দেখা গিয়েছে, ডান দিকে কোনও সমস্যা নেই। তবে বাঁ দিকে একটি পুরু আস্তরণ রয়েছে। সেটি কী কারণে, তা জানতে শনিবার তাঁর কোলনোস্কোপি করা হবে।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। তাঁর পেটের ব্যথাও এখন অনেকটাই কমেছে। আপাতত ৭৬ বছরের মীরা ভট্টাচার্য চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে রয়েছেন।

Advertisements

ফারাক্কায় আংশিক ভাবে চালু হল ৬২২.০৪ কোটির ৫.৪৬৮ কিলোমিটারের ৪ লেনের সেতু

নজরে বাংলার নিরাপত্তা! শিলিগুড়িতে SSB হেড হেডকোয়ার্টার্সে একাধিক প্রকল্পের ভিত্তি স্থাপন

Advertisements