ঝাড়খণ্ডে পড়ুয়াদের দাবি মানল সরকার, সিবিআই তদন্তে অনড় আন্দোলনকারীরা

রাঁচি: দীর্ঘ ২৪ দিনের ছাত্র আন্দোলনের পর (Jharkhand Student Protest) ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার পড়ুয়াদের অন্যতম প্রধান দাবি মেনে নিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সরকারি চাকরির…

jharkhand-student-protest-government-accepts-demands-cbi-probe

রাঁচি: দীর্ঘ ২৪ দিনের ছাত্র আন্দোলনের পর (Jharkhand Student Protest) ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার পড়ুয়াদের অন্যতম প্রধান দাবি মেনে নিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, সরকারি চাকরির জন্য নেওয়া পরীক্ষা এবং সেই পরীক্ষার ভিত্তিতে হওয়া নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। এর মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষাও রয়েছে। তবে সরকারের এই সিদ্ধান্তের পরও আন্দোলন প্রত্যাহার করতে রাজি নন পড়ুয়ারা। তাঁদের দাবি, তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দিতে হবে।

Advertisements

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোমবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ডে হওয়া সমস্ত পরীক্ষায় ছোট-বড় যে কোনও ধরনের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ঝাড়খণ্ডের অপরাধ তদন্ত দফতর বা সিআইডি ২০১৪ সাল থেকে রাজ্যে অনুষ্ঠিত সমস্ত পরীক্ষার তদন্ত করবে। সোরেন আরও জানান, লখনউ-ভিত্তিক টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রকাশিত ফলাফল এবং ওই সংস্থার মাধ্যমে নির্বাচিত বা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের বিষয়টিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষাব্যবস্থায় সংস্কারের জন্য আইএএস আধিকারিক অমিতাভ কৌশলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

   

Also Read | খোদ বাংলায় আলকায়দার ডেরা! ভাঙড়-বজবজ থেকে গ্রেফতার জানাদুল-শফিক

জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিলের দাবি ছিল অন্যতম

ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগ তুলে বেশ কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগের কেন্দ্রে রয়েছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা। বিশেষ করে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষা বাতিলের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। ২০২৪ সালে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও সামনে এসেছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত এবং পরীক্ষা বাতিল সংক্রান্ত সিদ্ধান্তকে আন্দোলনের ক্ষেত্রে বড় অগ্রগতি হিসেবে দেখা হলেও পড়ুয়াদের বক্তব্য, তাঁদের মূল দাবি এখনও পূরণ হয়নি।

Advertisements

সিবিআই তদন্তের দাবিতে অনড় পড়ুয়ারা

সরকারের ঘোষণার পর ছাত্রনেতা রবীন্দ্র পাসওয়ান জানান, সিবিআই তদন্তের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁর বক্তব্য, তাঁরা একটি বড় লড়াইয়ে জয় পেয়েছেন ঠিকই, কিন্তু এখনও তাঁদের মূল দাবি পূরণ হয়নি। পাসওয়ান বলেন, ২৪ দিন পর মুখ্যমন্ত্রী তাঁদের দাবি শুনেছেন, তার জন্য তাঁরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু সিবিআই তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন এবং অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁরা অনড়।

Also Read | ভারত-চিন বাণিজ্য গড়ল রেকর্ড! মাত্র ৬ মাসেই পৌঁছল ৯১.৭২ বিলিয়ন ডলারে

এদিকে আর এক ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর অনশন প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বর্তমানে রাঁচির সদর হাসপাতালে চিকিৎসাধীন। মন্ত্রী এবং বিধায়করা হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করছেন। তাঁদের উপস্থিতিতেই তিনি অনশন প্রত্যাহার করতে পারেন বলে সূত্রের খবর।

রাহুল গান্ধীর চিঠির পরই সরকারের সিদ্ধান্ত

ঝাড়খণ্ড সরকারের এই সিদ্ধান্তের সময়কালও তাৎপর্যপূর্ণ। পড়ুয়াদের আন্দোলনের ২৪তম দিনে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ আগস্ট সোরেনকে লেখা চিঠিতে রাহুল গান্ধী আন্দোলনরত পড়ুয়াদের দাবিকে বৈধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পড়ুয়াদের আন্দোলন শান্তিপূর্ণ এবং সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

রাহুল গান্ধী আরও জানান, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ নিয়ে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে।
এর আগে শনিবার আন্দোলনরত পড়ুয়ারা রাহুল গান্ধীকেও সরাসরি বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের দাবি না শুনলে ঝাড়খণ্ডের জোট সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন তাঁরা।

ফলে রাজ্য সরকারের নতুন ঘোষণা আন্দোলনকারীদের একটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিলেও, সিবিআই তদন্তের প্রশ্নে এখনও সরকার ও পড়ুয়াদের মধ্যে মতপার্থক্য রয়ে গিয়েছে। এই অবস্থায় ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের পরবর্তী পদক্ষেপ এখন নজরে থাকবে।

Advertisements