নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁর অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। আগামী বুধবার (১৯ অগস্ট) পর্যন্ত তাঁর এই রক্ষাকবচ বহাল থাকবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে।
শীর্ষ আদালতে কী সওয়াল-জবাব হল?
শুক্রবার সুপ্রিম কোর্টে সুমিত রায়ের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি ছিল। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতে সুমিতের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ জানান, তাঁর মক্কেল তদন্তকারীদের সব রকমভাবে সহযোগিতা করছেন। গত ৮ দিনে তাঁকে ৬ বার তলব করা হয়েছে এবং তিনি প্রত্যেকদিনই হাজিরা দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন। এই সওয়াল শোনার পরই সুমিতের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বেঞ্চ।
অন্যদিকে, তদন্ত ঠিক কতদূর এগিয়েছে, তা জানতে চায় শীর্ষ আদালত। এর প্রেক্ষিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তের বর্তমান আপডেট এবং জিজ্ঞাসাবাদে কী কী তথ্য উঠে এসেছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। তিনি আগামী সোমবার পর্যন্ত সময় চেয়ে নেন। আদালত তাঁর সেই সময় মঞ্জুর করে জানিয়ে দেয়, মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। ততদিন পর্যন্ত সুমিতের রক্ষাকবচ বহাল থাকবে।
মামলার প্রেক্ষাপট ও সুমিতের আইনি লড়াই
নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন সুমিত রায়। কিন্তু শালবনি এলাকায় একটি জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শীর্ষ আদালত ওই মামলায় সুমিতের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দেয়।
তবে জমি এবং চাকরি দুর্নীতি ছাড়াও সুমিতের বিরুদ্ধে আরও চারটি এফআইআর (FIR) রয়েছে। তাই হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পরও গ্রেফতারির আশঙ্কা করে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। রক্ষাকবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আর্জি খারিজ করে জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি, তাই নিয়ম অনুযায়ী পরে এর শুনানি হবে। এরপর সুপ্রিম কোর্টের এই নির্দেশ সুমিত রায়ের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তি।
টানাপড়েন ভুলে নয়া সমীকরণ! ব্রিকসের আগেই মোদী-তারেক বৈঠক?
শুল্ক এড়াতে চিনা পণ্য আমেরিকার বাজারে ঢুকিয়ে দিচ্ছে ভারত! মারাত্মক অভিযোগ হোয়াইট হাউসের
