নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। সবার মুখে একটাই প্রশ্ন, সত্যিই কি বেতন দ্বিগুণ হতে চলেছে? সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও, কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলি ইতিমধ্যেই নিজেদের দাবিদাওয়া এবং হিসেবনিকেশ সামনে আনতে শুরু করেছে।
কর্মচারী ইউনিয়নগুলির অন্যতম প্রধান দাবি হল, মহার্ঘ ভাতা বা ডিএ (DA)-কে মূল বেতনের (Basic Pay) সঙ্গে যুক্ত করা হোক। অর্থনীতিবিদরাও একমত যে, এমনটা হলে দীর্ঘমেয়াদে বেতন দ্বিগুণ হওয়াটা একেবারেই অসম্ভব কিছু নয়। নিয়ম অনুযায়ী, সরকারি কর্মীরা প্রতি বছর অন্তত ৩ শতাংশ বা তার বেশি বার্ষিক ইনক্রিমেন্ট পান, যা বেতন বৃদ্ধির অন্যতম বড় কারণ। এর পাশাপাশি, মূল্যবৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে সরকার। নিয়মমাফিক ডিএ একটি নির্দিষ্ট মাত্রা পার করলে তা মূল বেতনের সঙ্গে মিশে যায়। এর ফলে পরবর্তী ইনক্রিমেন্ট এবং অন্যান্য ভাতায় বড়সড় লাফ দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, ইনক্রিমেন্ট, ডিএ বৃদ্ধি এবং ডিএ সংযুক্তিকরণের এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এফেক্টের জেরেই সাত বছরে বেতন প্রায় দ্বিগুণ হয়ে যায়। তবে মনে রাখতে হবে, এটি একটি স্বাভাবিক আর্থিক বৃদ্ধি, বেতন কমিশনের তরফে দেওয়া কোনও এককালীন উপহার বা ম্যাজিক নয়।
অনেকেই আবার মনে করছেন, ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) ২.০ অনুমোদন পেলেই এক রাতের মধ্যে তাঁদের হাতে পাওয়া বেতন (In-hand salary) দ্বিগুণ হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এর নেপথ্যে মূলত তিনটি কারণ রয়েছে। প্রথমত, ২ ফিটমেন্ট ফ্যাক্টরে মূল বেতন অবশ্যই দ্বিগুণ হবে, কিন্তু মোট টেক-হোম স্যালারির অঙ্কটা একেবারেই আলাদা, তা দ্বিগুণ হবে না। দ্বিতীয়ত, নতুন বেতন কমিশন যেদিন থেকে কার্যকর হয়, সেদিন পুরোনো জমে থাকা ডিএ পুনরায় শূন্য (Zero) থেকে শুরু হয়। ফলে মূল বেতন বাড়লেও, সাময়িক ভাবে ডিএ-র অংশটি আর থাকে না। তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা (HRA)-র মতো সমস্ত ভাতা নতুন ও বর্ধিত মূল বেতনের ওপর ভিত্তি করে সংশোধিত হারে পুনরায় হিসাব করা হয়।
অর্থনৈতিক বিশ্লেষণ বলছে, ২ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলেও প্রথম দিনে বেতনের প্রকৃত বৃদ্ধি ১০০ শতাংশ হয় না, তা মূলত ৩১ থেকে ৩৫ শতাংশের কাছাকাছি থাকে। অর্থাৎ, সাত বছরে বেতন দ্বিগুণ হওয়াটা একটি ধারাবাহিক অর্থনৈতিক প্রক্রিয়া, এক দিনে ঘটা কোনও ‘বেতন কমিশনের ম্যাজিক’ নয়।
ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির জন্য প্রস্তুত হচ্ছে লজিস্টিকস রুট
আকাশে উড়ল উত্তরাখণ্ডের তরুণের তৈরি বৈদ্যুতিক যান! ব্যক্তিগত উড়ন্ত গাড়ির স্বপ্নে বড় সাফল্য
