কলকাতা: দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) ২০ শতাংশ (DA Hike ) বাড়ানো হচ্ছে। একই সঙ্গে পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য Dearness Relief (DR)-ও ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন হার ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণকালীন রাজ্য সরকারি কর্মীরা ১ অক্টোবর থেকে সংশোধিত মূল বেতনের উপর ৩৮ শতাংশ হারে DA পাবেন। বর্তমানে তাঁরা ১৮ শতাংশ DA পান। অর্থাৎ নতুন ঘোষণার ফলে DA এক লাফে ২০ শতাংশ বেড়ে ৩৮ শতাংশে পৌঁছবে।
এই সুবিধা শুধু রাজ্য সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীরাও এই বাড়তি DA-র সুবিধা পাবেন।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ DA পাচ্ছেন। সেই তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA দীর্ঘদিন ধরেই কম ছিল। নতুন সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের DA-র ব্যবধান কিছুটা কমবে।
গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ অতিরিক্ত DA দেওয়া হবে এবং অক্টোবর মাসের বেতনও পুজোর আগেই কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মঙ্গলবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ঘোষণাই আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের DA-র ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে যে ব্যবধান রয়েছে, তা ধাপে ধাপে কমানোর জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সম্প্রতি গঠিত সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশও ভবিষ্যতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
শুধু কর্মীরাই নন, রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও ১ অক্টোবর থেকে সংশোধিত মূল পেনশনের উপর ৩৮ শতাংশ হারে Dearness Relief (DR) পাবেন। এই সুবিধা সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পেনশনভোগী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত এবং স্থানীয় স্বশাসিত সংস্থার পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এর পাশাপাশি রাজ্য সরকার দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের জন্যও বড় সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের মজুরি ন্যূনতম মজুরি আইন (Minimum Wages Act)-এর আওতায় নির্ধারিত নয়, সেই সমস্ত দৈনিকভিত্তিক সরকারি কর্মীদের প্রতিদিনের মজুরি ১১০ টাকা বাড়ানো হয়েছে।
দুর্গাপুজোর আগে এই সিদ্ধান্তে লক্ষাধিক সরকারি কর্মী, শিক্ষক, পেনশনভোগী এবং দৈনিকভিত্তিক কর্মী আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উৎসবের মরশুমে অতিরিক্ত DA ও DR কর্মীদের হাতে বাড়তি অর্থ এনে দেবে, যা পারিবারিক ব্যয় মেটাতে সহায়ক হবে বলে প্রশাসনিক মহলের ধারণা।
Also Read | NEET কে অনলাইনে নিয়ে যেতে চায় কেন্দ্র! কিন্তু বাস্তব কি বলছে ?
Also Read | পুলিশের পোশাক জাল করে যন্তরমন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে ভয়ঙ্কর তথ্য STF র
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
