কলকাতা: শহরে (Kolkata) বেআইনি পার্কিং, নগদে পার্কিং ফি আদায় এবং আর্থিক অনিয়মে লাগাম টানতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। শহরে চালু হতে যাচ্ছে অ্যাপভিত্তিক স্মার্ট পার্কিং ব্যবস্থা। এই নতুন ব্যবস্থার মাধ্যমে চালকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে খালি পার্কিং স্পট খুঁজে পাবেন, আগে থেকেই পার্কিং বুক করতে পারবেন এবং ডিজিটাল মাধ্যমে পার্কিং ফি পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কলকাতা পুরসভা (KMC) এবং কলকাতা পুলিশ যৌথভাবে শহরের প্রায় ১৫ হাজার পার্কিং স্পট চিহ্নিত করেছে। এর মধ্যে ১০ হাজার পার্কিং স্পট ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে। বাকি স্পটগুলিও পর্যায়ক্রমে যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী জানান, নতুন ব্যবস্থা চালু হলে নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া আর কোথাও গাড়ি বা বাইক পার্ক করা যাবে না। রাস্তার ধারে বা যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানোর প্রবণতা বন্ধ করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর ফলে শহরের যানজট কমার পাশাপাশি পার্কিং ব্যবস্থায় আরও শৃঙ্খলা আসবে বলে প্রশাসনের আশা।
এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কলকাতা পুলিশ। পুলিশ একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করছে, যার মাধ্যমে পার্কিং সংক্রান্ত সমস্ত পরিষেবা পরিচালিত হবে। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট চালু হওয়ায় আর্থিক স্বচ্ছতা বাড়বে এবং অনিয়মের সুযোগ কমবে।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
নতুন অ্যাপে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে শহরের বিভিন্ন এলাকায় কোথায় কতটি পার্কিং স্পেস খালি রয়েছে, তা জানতে পারবেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী আগাম পার্কিং স্পট সংরক্ষণ করা যাবে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পার্কিং ফি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে পার্কিং ব্যবস্থাপনা আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছে প্রশাসন।
প্রতিটি নির্ধারিত পার্কিং জোনে গাড়ির ধরন অনুযায়ী ঘণ্টাভিত্তিক পার্কিং চার্জের তালিকা স্পষ্টভাবে প্রদর্শন করা হবে। এতে গাড়ির মালিকরা আগে থেকেই পার্কিং খরচ সম্পর্কে জানতে পারবেন এবং অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও কমবে।
Also Read | পুলিশের পোশাক জাল করে যন্তরমন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে ভয়ঙ্কর তথ্য STF র
পার্কিং পরিষেবা পরিচালনার জন্য কলকাতা পুরসভা নির্দিষ্ট পার্কিং কর্মী নিয়োগ করবে। তাঁদের নির্ধারিত ইউনিফর্ম পরতে হবে এবং সব সময় ফটো পরিচয়পত্র বহন করতে হবে। এর ফলে আসল ও ভুয়ো পার্কিং কর্মী চিহ্নিত করা সহজ হবে এবং সাধারণ মানুষও নিশ্চিন্তে পরিষেবা নিতে পারবেন।
শুধু শহরের প্রধান সড়ক নয়, আবাসিক এলাকার সামনে এবং পাড়ার রাস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে বাড়ির সামনে বা সরু গলিতে অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে সেই সমস্যারও সমাধান করতে চায় প্রশাসন।
রাজ্য সরকার জানিয়েছে, কলকাতায় এই প্রকল্প সফলভাবে চালু হওয়ার পর একই মডেল হাওড়া পুরসভা, বিধাননগর পুরসভা এবং রাজ্যের অন্যান্য শহরাঞ্চলেও ধাপে ধাপে চালু করা হবে। প্রশাসনের মতে, প্রযুক্তিনির্ভর এই পার্কিং ব্যবস্থা শুধু যানবাহন নিয়ন্ত্রণই নয়, নগর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
