মিডিয়াকে সরাসরি ব্যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এহেন আচরণে বেশ বিতর্কের ঝড় উঠেছে। তবে তা থামিয়ে দিতে এবার হোয়াইট হাউস থেকে সরাসরি খবর সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টা প্রশাসনিক খবর এবার থেকে দিতে চালু হল ‘Trump TV’।
মিডিয়ার সঙ্গে বেশ কিছুদিন ধরেই তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। CNN, MS NOW এবং Politico-কে হোয়াইট হাউসে ঢুকতে বাধা দেওয়ার পর এবার নিজেদের চ্যানেল শুরু করল ট্রাম্প প্রশাসন। নিজস্ব ২৪ ঘণ্টার স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ‘Trump TV: The Essentials Station’। এই প্ল্যাটফর্মে প্রশাসনিক যাবতীয় ঘোষণা, সরকারি অনুষ্ঠানের সম্প্রচার ও ট্রাম্পের পুরোনো ভিডিও দেখানো হবে।
আমেরিকার প্রেসিডেন্ট গত শুক্রবার তিনটি সংবাদমাধ্য়মের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তাঁর অভিযোগ ছিল প্রশাসনিক কাজ নিয়ে কিছু ভুয়ো খবর এই তিন সংবাদমাধ্যম সম্প্রচার করে। এরপরেই CNN, MS NOW এবং Politico-কে হোয়াইট হাউসে ঢুকতে বারণ করা হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওই তিন মিডিয়া হাউস ফেডারেল আদালতে মামলা দায়ের করতে চলেছে। তারা মামলার আবেদনে বলবে, সংবাদমাধ্যম কী রিপোর্ট করবে, তার উপর আমেরিকার প্রশাসন হস্তক্ষেপ করতে পারে না। এই ঘটনার পরে আমেরিকার বড় বড় টেলিভিশন চ্যানেল হোয়াইট হাউসের কাজের কভারেজ করা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এদিকে, সোমবার স্থানীয় সময় সন্ধে ৭টায় সম্প্রচার শুরু করেছে ‘Trump TV: The Essentials Station’। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিত এখানে প্রশাসনিক যাবতীয় কাজের তথ্য সরবরাহ করা হবে। প্রথম সম্প্রচারে ট্রাম্পের একাধিক জনসভা ও শপথগ্রহণের ভিডিও চালানো হয়।
ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে এই তিন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশ বন্ধের পাশাপাশি, CNN-কে প্রেসিডেন্ট টেলিভিশন পুলের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।
