ম্যারাথন দৌড়বিদদের জন্য নতুন রেসিং জুতো নাইকি আলফাফ্লাই ৪ আনল নাইকি (Nike Alphafly 4)। সংস্থার দাবি, আগের প্রজন্মের তুলনায় নতুন মডেলে ওজন কমানোর পাশাপাশি এনার্জি রিটার্ন এবং দীর্ঘ দূরত্বে দৌড়ের দক্ষতা বাড়ানো হয়েছে। নতুন অ্যাটমকনিট আপার, জুমএক্স এলটি ফোম, আপডেটেড এয়ার জুম ইউনিট, কার্বন-ফাইবার ফ্লাইপ্লেট এবং ফাস্ট শট আউটসোল রয়েছে এই জুতোয়।
নাইকি জানিয়েছে, আলফাফ্লাই ৪-কে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ম্যারাথনের শেষের দিকে ক্লান্তি বাড়লেও দৌড়বিদ গতি ও দক্ষতা ধরে রাখতে পারেন। সংস্থার দাবি, আগের প্রজন্মের তুলনায় নতুন জুতোয় ১০ শতাংশ বেশি এনার্জি রিটার্ন পাওয়া যাবে।
দাম ২৮০ ডলার
নাইকি আলফাফ্লাই ৪-এর দাম রাখা হয়েছে ২৮০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬,৮০০ টাকা। জুতোর রঙের বিকল্প হিসেবে থাকছে সি গ্লাস, লেজার ক্রিমসন, ফ্যান্টম এবং বারগান্ডি অ্যাশ। ১৭ সেপ্টেম্বর নাইকির ওয়েবসাইটে সীমিত সংখ্যায় জুতোটির প্রাথমিক বিক্রি শুরু হয়েছে। এরপর ২৯ অক্টোবর থেকে নাইকির ওয়েবসাইট এবং নির্বাচিত খুচরো দোকানে আরও বিস্তৃতভাবে পাওয়া যাবে। তবে ভারতে আলফাফ্লাই ৪-এর দাম এবং বিক্রির তারিখ এখনও ঘোষণা করেনি নাইকি।
নতুন অ্যাটমকনিট আপার
আলফাফ্লাই ৪-এ নতুন অ্যাটমকনিট আপার ব্যবহার করা হয়েছে। নাইকির দাবি, এটি পায়ের সঙ্গে আরও নিখুঁতভাবে বসবে এবং দীর্ঘক্ষণ দৌড়ের সময় পায়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এর সঙ্গে রয়েছে জোনড মিডফুট কেবল, ইন্টিগ্রেটেড হিল ইউনিট এবং মোল্ডেড সক লাইনার। এই উপাদানগুলি পা এবং জুতোর মধ্যে আরও নিরাপদ সংযোগ তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে।
নতুন জুমএক্স এলটি ফোমই বড় পরিবর্তন
আলফাফ্লাই ৪-এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হল নতুন জুমএক্স এলটি ফোম। নাইকির দাবি, এটি সাধারণ জুমএক্স ফোমের তুলনায় ১৭ শতাংশ পর্যন্ত হালকা এবং ৮ শতাংশ বেশি এনার্জি রিটার্ন দিতে পারে। কার্বন-ফাইবার ফ্লাইপ্লেটের উপরে ও নিচে জুমএক্স এলটি ফোমের স্তর রাখা হয়েছে। এর ফলে কুশনিং, বাউন্স এবং প্রতিটি পদক্ষেপে পায়ের মসৃণ ট্রানজিশন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কার্বন-ফাইবার প্লেট ও এয়ার জুম ইউনিট
আলফাফ্লাই সিরিজের পরিচিত প্রপালসিভ স্কুপ ডিজাইন ধরে রাখা হয়েছে কার্বন-ফাইবার ফ্লাইপ্লেটে। এটি স্থিতিশীলতা এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তির মধ্যে ভারসাম্য তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। ফোমের সঙ্গে ফ্লাইপ্লেট একসঙ্গে কাজ করে প্রতিটি পদক্ষেপে মসৃণ রোলিং অনুভূতি দেওয়ার দাবি করেছে নাইকি। সামনের অংশে রয়েছে দুটি এয়ার জুম ইউনিট, যা দৌড়ের সময় অতিরিক্ত রেসপন্সিভনেস বা দ্রুত প্রতিক্রিয়া দিতে সাহায্য করবে।
ফাস্ট শট আউটসোল
গ্রিপ এবং ট্র্যাকশনের জন্য নতুন ফাস্ট শট আউটসোল ব্যবহার করা হয়েছে। নাইকির দাবি, সমস্ত পরিবর্তনের ফলে আলফাফ্লাই ৪ এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে হালকা এবং সবচেয়ে রেসপন্সিভ আলফাফ্লাই। সংস্থার পরীক্ষায় আগের প্রজন্মের তুলনায় ১০ শতাংশ বেশি এনার্জি রিটার্ন পাওয়ার দাবিও করা হয়েছে।
অ্যাথলিটদের মতামত নিয়ে তৈরি
নাইকি জানিয়েছে, আলফাফ্লাই ৪ তৈরির সময় আলফাফ্লাইয়ের বিভিন্ন প্রজন্ম ব্যবহার করা অ্যাথলিটদের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রজেক্ট ড্রিমউইভার, মহিলাদের ট্রায়াল এবং বিভিন্ন দক্ষতা ও ভিন্ন গতিতে দৌড়ানো ডিস্ট্যান্স রানারদের নিয়ে করা পরীক্ষার অভিজ্ঞতাও কাজে লাগানো হয়েছে। অর্থাৎ, নতুন আলফাফ্লাই ৪-এ শুধু একটি নতুন ফোম বা আপার যোগ করা হয়নি। দীর্ঘ দূরত্বের দৌড়ে ওজন, শক্তি ফেরত এবং দক্ষতার মধ্যে ভারসাম্য তৈরির লক্ষ্যেই পুরো জুতোটিকে নতুন করে সাজিয়েছে নাইকি। ভারতীয় দৌড়বিদদের জন্য এখন মূল অপেক্ষা ভারতে এর দাম এবং বিক্রির আনুষ্ঠানিক ঘোষণার।
