সায়ন সেনগুপ্ত, কলকাতা: সোমবার সন্ধ্যায় শিলংয়ের বুকে ডুরান্ড কাপের (Durand Cup 2026) পরবর্তী কোয়ার্টার ফাইনালে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল দ্বিতীয় ডিভিশন লিগের শক্তিশালী ফুটবল ক্লাব শিলং লাজং এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ৫-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় জন আব্রাহামের এই ফুটবল ক্লাব। এদিন হ্যাটট্রিক করেন আলাদিন আজারেই। এছাড়াও দুটি গোল আসে ইথিয়ান ও জিথিনের পা থেকে। অপরদিকে, শিলং লাজংয়ের হয়ে গোল করেন যথাক্রমে ফিগো সিন্ডাই এবং জোয়াও ভিক্টর দ্যা পাবলো মরিস। ওরফে জোটা। শেষ পর্যন্ত বাজিমাত করে নর্থইস্ট।
যারফলে এবার সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হতে চলেছে টানা দুইবারের খেতাব জয়ীরা। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা গিয়েছিল পাহাড়ের দুই ফুটবল দলকে। প্রথম থেকেই আক্রমণ প্রতিআক্রমণে জমজমাট হয়ে উঠেছিল এই হাইভোল্টেজ ম্যাচ। প্রথম কোয়ার্টারের শেষের দিকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আলাদিন। তারপর যদিও সমতায় ফিরতে খুব একটা সমস্যা হয়নি শিলং দলের ফুটবলারদের। ২০ মিনিটের মাথায় ফিগোর গোলে ম্যাচে ফিরেছিল শিলং শিবির। ম্যাচে ফিরে আসার পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা গিয়েছিল এই দলকে।
Also Read | বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা
৩৪ মিনিটের মাথায় সুযোগ বুঝেই এগিয়ে যায় শিলং লাজং এফসি। যারফলে জোটার গোলেই প্রথমার্ধে এগিয়ে ছিল এই দলটি। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আক্রমণের তেজ বাড়ায় নর্থইস্ট। ৫৫ মিনিটের মাথায় ইথিয়ানের গোলে সমতায় আসে আইএসএলের এই দলটি। তারপর মিনিট তিনেকের ব্যবধানে ফের গোল। এবার নিজের দ্বিতীয় গোল করে যান আলাদিন। ম্যাচের বয়স যখন ৬৯ মিনিট তখন নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এই দাপুটে ফুটবলার। শেষ পর্যন্ত ৭৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান জিথিন এমএস। যারফলে তিন গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গেল নর্থইস্ট ইউনাইটেড।
Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,
আগামী ২০শে আগস্ট শিলংয়ের বুকে তারা লড়াই করবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। রেকর্ড অনুযায়ী দেখলে বছর কয়েক আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে জন আব্রাহামের এই দলের কাছেই টাইব্রেকারে পরাজিত হয়ে ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুনের। সেই বদলা নেওয়ার লক্ষ্য থাকবে শুভাশিস বসুদের। অন্যদিকে, সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পাওয়াই এখন অন্যতম টার্গেট নর্থইস্ট ইউনাইটেডের।
